শিক্ষকদের বেতন-বোনাস নিয়ে মাউশির নতুন নির্দেশনা

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন এবং পবিত্র ঈদুল আজহার উৎসব ভাতার (ঈদ বোনাস) বিল সাবমিট করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বুধবার (১৩ মে) মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

ইএমআইএস সেলের প্রোগ্রামার মো. জহির উদ্দিন গণমাধ্যমকে জানান, ‘প্রতিষ্ঠান প্রধানদের আজ ১৩ মের মধ্যেই ইএমআইএস সিস্টেমে ঈদ বোনাসের বিল সাবমিট করতে হবে। আর মে মাসের নিয়মিত বেতনের বিল সাবমিট করার প্রক্রিয়া শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার (১৪ মে) থেকে। আজই এ সংক্রান্ত আনুষ্ঠানিক চিঠি জারি করা হচ্ছে।’

মাউশির নির্দেশনায় যা বলা হয়েছে:
১. প্রতিষ্ঠান প্রধানরা তাদের নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ইএমআইএস পোর্টালে লগ-ইন করবেন।
২. প্রত্যেক শিক্ষক-কর্মচারীর প্রাপ্য অর্থের পরিমাণ সঠিকভাবে যাচাই করে আলাদা আলাদাভাবে বিল দাখিল করতে হবে।
৩. কোনো শিক্ষক-কর্মচারী যদি সম্প্রতি মৃত্যুবরণ করেন বা পদত্যাগ করেন, তবে বিধি মোতাবেক তাদের প্রাপ্য অংশটুকু হিসাব করে বিল সাবমিট করতে হবে।

সংশ্লিষ্টরা জানান, এমপিওভুক্ত স্কুল-কলেজের বিলগুলো অনলাইনে দাখিলের পর মাউশি সেগুলো যাচাই-বাছাই করে। এরপর অর্থ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে দ্রুততম সময়ের মধ্যে বেতন ও বোনাসের চেক ব্যাংকে পাঠানো হয়। ঈদুল আজহার আগেই যাতে শিক্ষকরা তাঁদের প্রাপ্য অর্থ হাতে পান, সে লক্ষ্যেই এই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে।