শিক্ষকদের অবসর সুবিধা ও উৎসব ভাতার আশ্বাস শিক্ষামন্ত্রীর

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দীর্ঘদিন ধরে প্রায় ৬৫ হাজার শিক্ষক অবসর সুবিধার অর্থ পাননি। এ সমস্যা সমাধানে সরকার উদ্যোগ নিয়েছে এবং আগামী জুলাই থেকে ন্যূনতম এক লাখ টাকা করে অবসর সুবিধা প্রদান শুরু হবে। পর্যায়ক্রমে শিক্ষকদের সব বকেয়া পাওনা পরিশোধ করা হবে বলেও তিনি জানান।

শনিবার (১৪ জুন) বিকেলে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়-এর চারতলা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে শিক্ষকদের উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ। এটিকে শতভাগে উন্নীত করার প্রস্তাব সরকারের বিবেচনায় রয়েছে। প্রথম ধাপে ১০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে এবং বাজেট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ধাপে ধাপে শতভাগ উৎসব ভাতা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের উল্লেখযোগ্য সংকট রয়েছে। প্রায় ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগের কার্যক্রম আদালতের স্থগিতাদেশের কারণে আটকে আছে। এ বিষয়ে চলমান মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সরকার কাজ করছে।

মন্ত্রণালয়ের বিরুদ্ধে বর্তমানে প্রায় ৮৩ হাজার ৫০০ মামলা বিচারাধীন রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এসব আইনি জটিলতা অনেক ক্ষেত্রে নিয়োগ ও প্রশাসনিক কার্যক্রমে বাধা সৃষ্টি করছে। মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এবং আইন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।