যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। এই বৈশ্বিক আয়োজনের উত্তাপ ছড়িয়ে পড়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসেও। সেখানে শিক্ষার্থীরা শুধু বর্তমান তারকা লিওনেল মেসি বা নেইমার জুনিয়রকে নয়, বরং ফুটবল ইতিহাসের দুই কিংবদন্তি পেলে ও ডিয়েগো ম্যারাডোনাকে কেন্দ্র করে গ্রাফিতি এঁকে বিশ্বকাপ উন্মাদনায় ভিন্ন মাত্রা যোগ করেছেন।
শাহজালাল হলের কমনরুমের দেয়ালে ব্রাজিলের কিংবদন্তি পেলের প্রতিকৃতি এঁকেছেন পশুপালন অনুষদের শিক্ষার্থী ইমতিয়াজ ফারাবি। প্রায় ১০ ফুট উচ্চতার এই গ্রাফিতি আঁকতে তার তিন দিন ও তিন রাত লেগেছে। এতে ব্যবহার হয়েছে প্রায় ১৮ ধরনের রং। ফারাবি বলেন, পেলে তার কাছে ফুটবল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়, যিনি একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ ট্রফি জিতেছেন—১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে।
অন্যদিকে আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনার প্রতিকৃতি এঁকেছেন ভেটেরিনারি অনুষদের স্নাতকোত্তর শিক্ষার্থী রেজওয়ানুল হক শান্ত। প্রায় ১১ ফুট উচ্চতার এই গ্রাফিতি আঁকতে তার দুই দিন সময় লেগেছে। জুনিয়র শিক্ষার্থীরা তাকে সহযোগিতা করেছে এবং আর্জেন্টিনা ফ্যান ক্লাবের সদস্যরা অর্থায়ন করেছে। শান্ত বলেন, প্রতি চার বছর পর বিশ্বকাপ এলে ক্যাম্পাসে উৎসবের পরিবেশ তৈরি হয়, আর সেই আনন্দকে আরও বাড়াতেই তারা এই উদ্যোগ নিয়েছেন।
শুধু শাহজালাল হল নয়, মাওলানা ভাসানী হল, সোহরাওয়ার্দী হল ও ঈশা খাঁ হলের দেয়ালেও শিক্ষার্থীরা ফুটিয়ে তুলেছেন বিশ্বকাপের নানা রঙ। তবে মেসি-নেইমারদের ভিড়ে পেলে ও ম্যারাডোনার গ্রাফিতি ক্যাম্পাসে এনেছে নস্টালজিক আবহ। আঁকার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক গ্রুপ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন এই দুই শিক্ষার্থী।