ঢাবির প্রতিষ্ঠাবার্ষিকী আজ, ১০৬ বছরে পদার্পণ

‘প্রাচ্যের অক্সফোর্ড’ খ্যাত উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষে ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়’ প্রতিপাদ্যে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

বুধবার (১ জুলাই) ১০৫ বছর পূর্ণ করে ১০৬তম বছরে পদার্পণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। 

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সকাল সাড়ে ৯টায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপাচার্য ভবন-সংলগ্ন ‘স্মৃতি চিরন্তন’ চত্বরে সমবেত হন। এরপর উপাচার্যের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। সকাল ১০টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) চত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, কেক কাটা, জাতীয় সংগীত এবং বিশ্ববিদ্যালয়ের থিম সং পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এতে দেশি-বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনাও অনুষ্ঠিত হয়।

এরপর টিএসসি মিলনায়তনে উপাচার্যের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী।

১৯২১ সালের ১ জুলাই প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘ এক শতাব্দীরও বেশি সময় ধরে দেশের উচ্চশিক্ষা, গবেষণা, সাহিত্য, বিজ্ঞান ও রাষ্ট্রচিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। একই সঙ্গে ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অবদান দেশের ইতিহাসে বিশেষভাবে স্মরণীয়।

১০৫ বছরের পথচলা শেষে ১০৬তম বছরে পদার্পণের এই আয়োজনে বিশ্ববিদ্যালয় পরিবারের পাশাপাশি সাবেক শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরাও অংশ নেন।