দেশজুড়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে কাল। দেশের ইতিহাসে এবারই প্রথম সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২ জুলাই) পরিক্ষার প্রথম দিনে বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশ নেবেন শিক্ষার্থীরা।
আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড জানিয়েছে, প্রশ্নফাঁস রোধে এবার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ফাঁসের কোনো সুযোগ নেই। তবে সব বোর্ডে একই প্রশ্ন ও একই মানদণ্ডে উত্তরপত্র মূল্যায়ন সুষ্ঠুভাবে সম্পন্ন করাই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন শিক্ষাবিদেরা।
চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন, যা গত বছরের তুলনায় ১৯ হাজার ৪৭২ জন বেশি। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন। এছাড়া মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৮৬৯ জন।
সারাদেশে মোট ২ হাজার ৯৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৪৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার ৪০টিই রাজধানী ঢাকায় অবস্থিত। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে প্রশ্নপত্র বিতরণ, উত্তরপত্র সংরক্ষণ এবং ক্যালকুলেটর ব্যবহারের নিয়মসহ ৩৫ দফার বিশেষ নির্দেশনা জারি করেছে শিক্ষা কর্তৃপক্ষ।
আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, সুষ্ঠু পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন। তবে কোনো কারণে প্রশ্নফাঁসের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে সারাদেশে পরীক্ষা স্থগিত করে নতুন প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে। অন্যদিকে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সতর্ক করে জানিয়েছেন, কেন্দ্রে নকলের ঘটনা ধরা পড়লে পরীক্ষার্থীর পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ৮ আগস্ট পর্যন্ত লিখিত পরীক্ষা চলবে এবং ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষাছুটি শেষে না ফেরায় গোবিপ্রবির ১৬ শিক্ষক চাকরিচ্যুত
আন্তর্জাতিক মানের দক্ষ নাগরিক গড়াই সরকারের প্রধান লক্ষ্য