চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে। এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী।
পরীক্ষার প্রথম দিনেই বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়তে হয়েছে অনেক পরীক্ষার্থীকে। সকাল থেকে ঢাকার বিভিন্ন এলাকায় ঝিরিঝিরি বৃষ্টি হওয়ায় অনেক শিক্ষার্থী ভিজেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন। বৃষ্টির কারণে সড়কে যানজটও সৃষ্টি হয়। এতে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে দুর্ভোগে পড়েন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরা।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, প্রথম দিনে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিমে কোরআন মাজিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএমটি) বাংলা-২ বিষয়ের পরীক্ষা নেওয়া হচ্ছে।
সব শিক্ষা বোর্ডে সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। সারাদেশের দুই হাজার ৬৯৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।