ভিসি অধ্যাপক ড. আমানুল্লাহ

এইচএসসি ফল বিপর্যয় নয়: পরীক্ষার্থীদের পাশে দাঁড়ান

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৩:৩১ এএম

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার পাসের হার কমে যাওয়াকে বড় কোনো বিপর্যয় হিসেবে মানতে নারাজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

তিনি স্পষ্ট জানিয়েছেন, শিক্ষার গুণগত মান উন্নত করতে মূল্যায়ন ব্যবস্থায় জবাবদিহি ও শৃঙ্খলা ফেরানোর জন্যই ফলাফলে এর সাময়িক প্রভাব পড়েছে।

শনিবার প্রকাশিত ফলাফলে দেখা যায়, এ বছর গড় পাসের হার ৫২.১২ শতাংশ, যা গত বছর ছিল ৫৮.৮৩ শতাংশ।

উপাচার্য মনে করেন, শিক্ষার্থীদের যেভাবে প্রস্তুত করা দরকার ছিল প্রাতিষ্ঠানিকভাবে হয়তো সে ঘাটতি ছিল, তাই এর দায় শিক্ষার্থীদের দেওয়া ঠিক নয়।

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষায় পাসের হার কমার উদাহরণ টেনে তিনি খাতা মূল্যায়নে কড়াকড়ির কথা তুলে ধরেন।

এদিকে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের এক বছর নষ্ট না করে দ্রুত বিশেষ পরীক্ষার সুযোগ দেওয়ার সিদ্ধান্তকে অত্যন্ত ইতিবাচক হিসেবে স্বাগত জানিয়েছেন তিনি।

তার মতে, এই বিশেষ পরীক্ষা ও খাতা পুনর্মূল্যায়নের পর দেশের সামগ্রিক পাসের হার প্রায় ১০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

শিক্ষার্থীদের হতাশ না হয়ে নতুন উদ্যমে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি শিক্ষক ও কলেজ কর্তৃপক্ষকে ছুটির দিনেও অতিরিক্ত ক্লাসের পরামর্শ দিয়েছেন।

শিক্ষকদের নিজ সন্তানের মতো বিবেচনা করে বিনা সম্মানীতে অতিরিক্ত পাঠদান করানোর মাধ্যমে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর বিনীত অনুরোধ জানিয়েছেন ভিসি আমানুল্লাহ।

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত