অভিভাবকদের ভোগান্তি কমাতে নতুন নির্দেশনা

এইচএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে পরীক্ষাকেন্দ্রের বাইরের পরিবেশ সুশৃঙ্খল রাখতে প্রয়োজনীয়সংখ্যক রোভার স্কাউট, গার্লস গাইড ও বিএনসিসি সদস্য মোতায়েনের নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। একই সঙ্গে পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের জন্য অপেক্ষমাণ শেড ও বসার উপযোগী চেয়ার রাখার ব্যবস্থাও নিশ্চিত করতে বলা হয়েছে।

এ বিষয়ে বৃহস্পতিবার (২ জুলাই) একটি বিজ্ঞপ্তি জারি করে ঢাকা শিক্ষা বোর্ড। পরে নির্দেশনাটি চিঠির মাধ্যমে সব পরীক্ষাকেন্দ্রের কেন্দ্রসচিবদের কাছে পাঠানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এইচএসসি পরীক্ষা-২০২৬ উপলক্ষে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনের সময় দেখা গেছে, অধিকাংশ অভিভাবক সন্তানদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিয়ে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রের বাইরে অপেক্ষা করেন। তবে বেশিরভাগ কেন্দ্রেই তাদের জন্য নির্ধারিত কোনো অপেক্ষমাণ শেড বা বসার ব্যবস্থা নেই।

ফলে রোদ, বৃষ্টি কিংবা প্রতিকূল আবহাওয়ায় দীর্ঘ সময় বাইরে অবস্থান করতে গিয়ে অভিভাবকদের নানা ধরনের ভোগান্তির মুখে পড়তে হচ্ছে বলে বোর্ডের পর্যবেক্ষণে উঠে এসেছে।

এছাড়া পরীক্ষাকেন্দ্রের বাইরের জনসমাগম ও অভিভাবকদের চলাচল নিয়ন্ত্রণে প্রয়োজনীয়সংখ্যক রোভার স্কাউট, গার্লস গাইড বা বিএনসিসি সদস্য না থাকায় অনেক ক্ষেত্রে অতিরিক্ত ভিড়, বিশৃঙ্খলা এবং জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এসব বিষয় বিবেচনায় নিয়ে পরীক্ষার্থীদের অভিভাবকদের সুবিধার্থে কেন্দ্রের বাইরে নিরাপদ ও উপযুক্ত স্থানে অপেক্ষমাণ শেড ও চেয়ার স্থাপনের পাশাপাশি জনসমাগম নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয়সংখ্যক রোভার স্কাউট, গার্লস গাইড ও বিএনসিসি সদস্য নিয়োগে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন্দ্রসচিবদের নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।