চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষাসহ পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হবে আজ। সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় ফল প্রকাশ করা হবে।
সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে পুনর্নিরীক্ষণের ফল জানতে পারবেন। এ ছাড়া কেন্দ্রীয় ফল প্রকাশের ওয়েবসাইট থেকেও ফল সংগ্রহ করা যাবে। আবেদনকারীদের দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হবে।
এর আগে শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছিলেন, সোমবার বেলা ১১টায় পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সময়ের চার ঘণ্টা পর ফল প্রকাশ করা হচ্ছে।
এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়ন করা হয়েছে।
বামনা শহর ও দুই লঞ্চঘাট রক্ষায় বিষখালী নদীতে প্রকল্পের উদ্যোগ