বিশ্বের অন্যতম প্রাচীন ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের চূড়ান্ত ফলাফলে সেরা দশ গ্র্যাজুয়েটের তালিকায় জায়গা করে নিয়েছেন ৭ বাংলাদেশি শিক্ষার্থী। চার বছর মেয়াদি স্নাতক পর্যায়ের ফলাফলের ভিত্তিতে প্রকাশিত এ তালিকায় আকিদা ও দর্শন, তাফসির এবং হাদিস বিভাগে বাংলাদেশিদের সাফল্য দেখা গেছে।
গত সোমবার (৬ জুলাই) আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের অফিসিয়াল ফেসবুক পেজে চার বছরের চূড়ান্ত গড় ফলাফলের ভিত্তিতে সেরা ১০ গ্র্যাজুয়েটের তালিকা প্রকাশ করা হয়।
প্রকাশিত ফলাফলে আকিদা ও দর্শন (শুবাতুল আকিদা ওয়াল ফালসাফা), তাফসির এবং হাদিস-এই তিন বিভাগে বাংলাদেশি শিক্ষার্থীরা স্থান পেয়েছেন।
আকিদা ও দর্শন
আকিদা ও দর্শন বিভাগে চার বছরের গড় ৯৪.০৮ নম্বর পেয়ে প্রথম হয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী মাহবুবুল আলম।
একই বিভাগে ৯৩.৪৩ নম্বর অর্জন করে দ্বিতীয় স্থান দখল করেছেন মাহফুজুর রহমান। এ ছাড়া মুহা. রেজাউল করীম ৯১.০৭ নম্বর পেয়ে সপ্তম স্থান অর্জন করেছেন।
তাফসির
তাফসির বিভাগেও বাংলাদেশি শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছেন। এই বিভাগে ৯৫.০৩ নম্বর নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন মাসুম বিল্লাহ গুলজার।
এ ছাড়া ইয়াকুব বিন ইসহাক ৯২.২৯ নম্বর পেয়ে ষষ্ঠ এবং আতিকুল ইসলাম ৯০ নম্বর পেয়ে দশম স্থান লাভ করেছেন।
হাদিস
হাদিস বিভাগে চার বছরের গড় ৯০.০৬ নম্বর অর্জন করে সেরা দশের তালিকায় জায়গা করে নিয়েছেন জুবায়ের আহমদ।
আল-আজহার বিশ্ববিদ্যালয়ের মতো আন্তর্জাতিকভাবে পরিচিত ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থীদের এই সাফল্যকে দেশের জন্য সম্মানজনক অর্জন হিসেবে দেখা হচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, এ ফলাফল শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম ও একাডেমিক দক্ষতার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের শিক্ষার্থীদের সক্ষমতারও প্রতিফলন।
তাদের অভিমত, আল-আজহারের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্য ভবিষ্যতে উচ্চশিক্ষা, ইসলামি গবেষণা ও বৈশ্বিক পর্যায়ে দেশের ইতিবাচক ভাবমূর্তি আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।