কেন আজ প্রকাশ হচ্ছে না বৃত্তি পরীক্ষার ফল?

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না আজ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) প্রকাশিত হচ্ছে না। কারিগরি জটিলতার কারণে ফল প্রকাশের দিনক্ষণ পিছিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল পুরোপুরি প্রস্তুত হয়নি। এছাড়া কারিগরি কিছু জটিলতা দেখা দিয়েছে। এসব কারণে ফল প্রকাশের কার্যক্রম কিছুটা পিছিয়ে যাচ্ছে। বড় কোনো সমস্যা দেখা না দিলে আগামী রবিবার (১২ জুলাই) বৃত্তি পরীক্ষার ফল প্রকাশিত হবে।

এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহীনা ফেরদৌসী গণমাধ্যমকে বলেন, বৃত্তি পরীক্ষার ফল আজ প্রকাশিত হচ্ছে না। আগামী সপ্তাহের শুরুর দিকে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। দিনক্ষণ চূড়ান্ত হলে মন্ত্রণালয় থেকে আপনাদের জানিয়ে দেওয়া হবে।

এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মোট ৬ লাখ ৪০ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে প্রায় সাড়ে ৫ লাখ শিক্ষার্থী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং প্রায় ৯০ হাজার শিক্ষার্থী বেসরকারি কিন্ডারগার্টেনের।

এ বছর মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় কোটায় ৬৬ হাজার এবং বেসরকারি বা কিন্ডারগার্টেন কোটায় ১৬ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে।

বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৩৩ হাজার শিক্ষার্থী ট্যালেন্টপুল এবং ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী সাধারণ গ্রেডে নির্বাচিত হবে। ট্যালেন্টপুলের শিক্ষার্থীরা প্রতি মাসে ৩০০ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা অনুদান পাবে। অন্যদিকে সাধারণ গ্রেডের শিক্ষার্থীরা প্রতি মাসে ২২৫ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা অনুদান পাবে।