আনুষ্ঠানিকভাবে কাল রোববার (১২ জুলাই) প্রকাশ করা হবে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল। এ উপলক্ষে দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এতে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
এর আগে গত বৃহস্পতিবার (৯ জুলাই) ফল প্রকাশের কথা থাকলেও তা স্থগিত করা হয়। কারণ, আনুষ্ঠানিক ঘোষণার আগেই ঢাকা বিভাগের নয় জেলার ফলাফল ওয়েব পোর্টালে আপলোড হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
জানা গেছে, ফলাফল প্রকাশের জন্য প্রয়োজনীয় ওয়েব লিংক তৈরির দায়িত্বে ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েস। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের আগে ফলাফল প্রকাশ না করার নির্দেশনা থাকলেও বৃহস্পতিবার সকালে ঢাকা বিভাগের নয় জেলার ফলাফল ওয়েব পোর্টালে আপলোড হয়ে যায়। পরে সাধারণ ব্যবহারকারীরা সেই লিংক থেকে ফলাফল দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
ঘটনার পর শুক্রবার (১০ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব সাখাওয়াৎ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মো. মেহতাব কায়েসকে সাময়িক বরখাস্ত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, যথাযথ নিরাপত্তা প্রটোকল অনুসরণ না করে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ওয়েব পোর্টালে আপলোড করায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর অনুচ্ছেদ ১২(১) অনুযায়ী অসদাচরণের অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, এবার মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৬ হাজার এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৬ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তির আওতায় আসবে।
এবার ট্যালেন্টপুলে বৃত্তি পাবে ৩৩ হাজার শিক্ষার্থী এবং সাধারণ বৃত্তি পাবে ৪৯ হাজার ৫০০ জন। বর্তমান হার অনুযায়ী, ট্যালেন্টপুলে নির্বাচিত শিক্ষার্থীরা মাসে ৩০০ টাকা ও বছরে এককালীন ২২৫ টাকা পাবে। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসে ২২৫ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা করে পাবে। পঞ্চম শ্রেণি উত্তীর্ণ হওয়ার পর পরবর্তী দুই বছর এ আর্থিক সুবিধা বহাল থাকবে।