প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ, যেভাবে জানবেন

দীর্ঘ প্রতীক্ষা, নানা নীতিগত বিতর্ক এবং একাধিকবার তারিখ পেছানোর পর অবশেষে আজ প্রকাশ করা হচ্ছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল।

রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় ফল ঘোষণা উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যৌথভাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।

এর আগে গত বৃহস্পতিবার ফল প্রকাশের কথা থাকলেও চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়া শেষ না হওয়ায় তা স্থগিত করা হয়েছিল। তারও আগে ঢাকা বিভাগের নয়টি জেলার ফল অনানুষ্ঠানিকভাবে অনলাইনে উন্মুক্ত হয়ে যাওয়ার ঘটনায় নতুন বিতর্কের সৃষ্টি হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সংশ্লিষ্ট এক কর্মকর্তাকে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

ফল প্রকাশের পর শিক্ষার্থীরা খুব সহজেই ঘরে বসে অনলাইন এবং এসএমএস-এর মাধ্যমে ফলাফল জানতে পারবে। খবর সংযোগের পাঠকদের জন্য ফলাফল জানার পদ্ধতি নিচে দেওয়া হলো।

এসএমএস-এর মাধ্যমে ফলাফল জানবেন যেভাবে

যেকোনো মোবাইল অপারেটর থেকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে DPE। এরপর একটি স্পেস (ফাঁকা) দিয়ে শিক্ষার্থীর রোল নম্বর লিখে পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।

DPE 123456 লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। ফিরতি এসএমএসে শিক্ষার্থীর নাম ও ফলাফল চলে আসবে।

অনলাইনে ফলাফল জানবেন যেভাবে

বিস্তারিত ফলাফল ও বিষয়ভিত্তিক মার্কশিট দেখতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইপিইএমআইএস (IPEMIS) ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা’ অপশনটি নির্বাচন করে রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য দিয়ে ‘সাবমিট’ বা ‘ফল দেখুন’ বাটনে ক্লিক করলেই ফলাফল দেখা যাবে।