আন্তঃশিক্ষা বোর্ড কী জানিয়েছে?

প্রশ্নে ত্রুটি থাকলে পূর্ণ নম্বর পাবেন পরীক্ষার্থীরা

চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে কোনো ত্রুটি বা অসঙ্গতি প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রশ্নগুলোর জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

সোমবার (১৩ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে বিভিন্ন মাধ্যমে উত্থাপিত অভিযোগের বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ড অবগত রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি জানায়, পর্যালোচনায় সংশ্লিষ্ট প্রশ্নে কোনো ত্রুটি বা অসঙ্গতি প্রমাণিত হলে প্রচলিত পরীক্ষা মূল্যায়ন নীতিমালা অনুযায়ী পরীক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণ করা হবে। শিক্ষার্থীরা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ওই দুই প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে।

এ বিষয়ে পরীক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্যে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।