চবির ভর্তির আবেদন শুরু ১৫ নভেম্বর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে আগামী ১৫ নভেম্বর। আবেদন করা যাবে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তি পরীক্ষা শুরু হবে ২০২৭ সালের জানুয়ারির শেষ সপ্তাহে।

রোববার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এস. এম. আকবর হোছাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘সি’ ইউনিটের পরীক্ষা ২৯ জানুয়ারি, ‘এ’ ইউনিটের পরীক্ষা ৩০ জানুয়ারি, ‘বি’ ইউনিটের পরীক্ষা ৫ ফেব্রুয়ারি এবং ‘ডি’ ইউনিটের পরীক্ষা ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ‘বি১’ উপ-ইউনিটের পরীক্ষা ৩ ফেব্রুয়ারি, ‘বি২’ উপ-ইউনিটের ৪ ফেব্রুয়ারি এবং ‘ডি১’ উপ-ইউনিটের পরীক্ষা হবে ৮ ফেব্রুয়ারি।

‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও অনুষ্ঠিত হবে। বিভাগীয় শহরগুলোতে একই তারিখ ও সময়ে পরীক্ষা নেওয়া হবে। তবে ‘বি১’, ‘বি২’ ও ‘ডি১’ উপ-ইউনিটের পরীক্ষা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।