জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করার পরিকল্পনা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে ভর্তি পরীক্ষার পদ্ধতি ও সময়সূচি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী একাডেমিক কাউন্সিলে নেওয়া হবে বলে জানা গেছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম বিষয়টি জানান। তিনি বলেন, আমরা আগামী জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছি।
বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে তিনি বলেন, বর্তমান সময়সূচির কারণে বিভাগীয় পর্যায়ে পরীক্ষা নেওয়া কঠিন হতে পারে। আমরা যে স্লটগুলো নেব, সে স্লটগুলো বন্ধ হয়ে গেছে। বিভাগীয় পর্যায়ে পরীক্ষা নিতে হলে আমাদের এপ্রিল-মে মাসের আগে সম্ভব না। যেটা আমাদের জন্য দেরি হয়ে যায়।
তিনি বলেন, আগামী জানুয়ারির দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহের মধ্যে ভর্তি পরীক্ষা শুরু করার পরিকল্পনা রয়েছে। তবে ভর্তি পরীক্ষার পদ্ধতি ও সময়সূচি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী একাডেমিক কাউন্সিলের সভায় নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই ভর্তি পরীক্ষা নেওয়া হলে দৈনিক একটি করে ইউনিটের পরীক্ষা শেষ করার পরিকল্পনা রয়েছে। সেক্ষেত্রে আমরা ক্যাম্পাসের আশেপাশে পরীক্ষা নেয়ার সম্ভাব্যতা যাচাই করবো।
এর আগে ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নিয়ে জাবি প্রশাসন চারটি বিভাগীয় শহরে তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছিল। তবে পরীক্ষা আয়োজনের সময়সূচি ও কেন্দ্র ব্যবস্থাপনা নিয়ে জটিলতার কারণে এ বছরও ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে হচ্ছে না।