পূর্বঘোষিত সূচিতেই ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। একইসঙ্গে এইচএসসি ও সমমান পরীক্ষায় অনধিক দুই বিষয়ে অকৃতকার্য হয়ে ‘সাপ্লিমেন্টারি’ পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরাও ভর্তি পরীক্ষার আবেদনের সুযোগ পাবেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন।
ভর্তি আবেদনের যোগ্যতা ও নিয়মাবলি
সভা সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ইউনিটভিত্তিক মূল শর্তসমূহ শিথিল রেখে অকৃতকার্য পরীক্ষার্থীদের প্রাথমিক আবেদনের সুযোগ দেওয়া হবে। এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ বা ৩.৫০ (ইউনিটভিত্তিক শর্ত অনুযায়ী) থাকা শিক্ষার্থীরা প্রাথমিকভাবে নির্ধারিত ফি প্রদান করে আবেদন করতে পারবেন।
সাপ্লিমেন্টারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর শিক্ষার্থী যদি জবির এইচএসসি সংক্রান্ত ন্যূনতম পয়েন্টের শর্ত পূরণ করতে সক্ষম হন, কেবল তখনই তিনি চূড়ান্তভাবে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। তবে পরবর্তীতে যদি কোনো শিক্ষার্থী সাপ্লিমেন্টারির ফলাফলে বিশ্ববিদ্যালয় নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হন, তার প্রাথমিক আবেদনটি সরাসরি বাতিল বলে গণ্য হবে। মূল আবেদনকারীদের মতো সাপ্লিমেন্টারি দেওয়া শিক্ষার্থীরাও একই সময়সূচি ও অভিন্ন প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।
আবেদন ফি ফেরত সংক্রান্ত অস্পষ্টতা
শর্ত পূরণ না হওয়ার কারণে যাদের আবেদন পরবর্তীতে বাতিল হয়ে যাবে, তারা প্রাথমিক আবেদনের জমা দেওয়া ফি ফেরত পাবেন কি-না, সে বিষয়ে ভর্তি কমিটির বৈঠকে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন জানিয়েছেন, খুব শিগগিরই রেজিস্ট্রার দপ্তর থেকে এ বিষয়ে বিস্তারিত নিয়মাবলি উল্লেখ করে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি
বেসরকারি স্কুলে অতিরিক্ত ভর্তি ফি নিলে বাতিল হবে এমপিও