ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থীকে ক্যাম্পাসসংলগ্ন একটি বাগান থেকে আটক করেছেন স্থানীয় লোকজন। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির হস্তক্ষেপে দুই শিক্ষার্থী ও তাদের পরিবারের সম্মতিতে তাদের সামাজিকভাবে বিয়ে হবে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পূর্ব পাশে মাদরাসা মসজিদসংলগ্ন কাঁঠালবাগান থেকে তাদের আটক করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আটক হওয়া ছাত্র ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এবং ছাত্রী ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী। স্থানীয়দের দাবি, গত কয়েক দিন ধরে তারা রাতে ওই বাগান এলাকায় আসা-যাওয়া করছিলেন। শুক্রবার রাতে তাদের সেখানে অবস্থান করতে দেখে স্থানীয় কয়েকজন তাদের আটক করেন।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুই শিক্ষার্থীকে প্রক্টর কার্যালয়ে নিয়ে আসেন। সেখানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানসহ রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দুই শিক্ষার্থীর সঙ্গে আলোচনা করে এবং তাদের লিখিত সম্মতির ভিত্তিতে পরিবারের উপস্থিতিতে সামাজিকভাবে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
আটক হওয়া ছাত্র বলেন, প্রায় সাত-আট মাস ধরে তাদের মধ্যে সম্পর্ক রয়েছে। তিনি ভুল স্বীকার করে ওই শিক্ষার্থীকে বিয়ে করতে সম্মত হওয়ার কথা জানান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, বিষয়টি জানার পর প্রক্টরিয়াল বডির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই শিক্ষার্থীকে নিয়ে আসেন। পরিবারের উপস্থিতিতে শনিবার তাদের বিয়ে সম্পন্ন করার সিদ্ধান্ত হয়েছে।