লাঠিচার্জের অভিযোগ

অধ্যক্ষের পদত্যাগ দাবিতে গভীর রাতে রাজপথে শিক্ষার্থীরা

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০২:৪৫ এএম

রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সে (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষের পদত্যাগের দাবিতে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া আন্দোলন রাতেও অব্যাহত থাকে।

বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীরা অধ্যক্ষকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন। রাত সাড়ে ১১টার দিকে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায়। অভিযোগ উঠেছে, এ সময় পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে এবং দুই শিক্ষার্থী আহত হন।

উদ্ধারের ঘটনার পর শিক্ষার্থীরা কলেজের সামনের প্রধান সড়কে অবস্থান নিয়ে তীব্র বিক্ষোভ শুরু করেন। রাত ২টার পরও শতাধিক শিক্ষার্থীকে সড়কে অবস্থান করে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শিক্ষার্থীদের অভিযোগ, নিয়মবহির্ভূতভাবে হলের দুই ছাত্রীর আবাসিক আসন বাতিল করা হয়েছিল। এ বিষয়ে প্রাধ্যক্ষের কাছে ব্যাখ্যা চাইলে তিনি সন্তোষজনক কোনো উত্তর দেননি, উল্টো তাদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়।

টাকা কমানোর আকুতি জানিয়েও দুর্ব্যবহারের শিকার হতে হয় বলে জানান আন্দোলনকারীরা। এছাড়া সামান্য দেরিতে হলে ফিরলে জরিমানা এবং নানা প্রশাসনিক হয়রানির অভিযোগ তোলা হয়। শিক্ষার্থীরা সাফ জানিয়ে দিয়েছেন, অধ্যক্ষের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত