প্রাথমিকে বঞ্চিত শিক্ষকরা ১ অক্টোবরের মধ্যে নিয়োগ পাবেন: শিক্ষামন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগবঞ্চিত ৮১৭ জন আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে নির্ধারিত সময়ের মধ্যে যারা নিয়োগ পাবেন না, তাদের বিষয়েও সরকার কাজ করবে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় তিনি এ কথা জানান। বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত প্রাথমিকের নিয়োগবঞ্চিত ৮১৭ জন বাকি আছেন। তারা আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগ পাবেন। যারা পাবেন না, তাদের নিয়ে আমরা কাজ করব।’

শিক্ষামন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় অনুষ্ঠিত প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় প্রায় ১০ লাখ ৬৯ হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। যথাযথভাবে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার জন্য কাজ শুরু করা হয়েছিল।

তিনি বলেন, ‘আমাদের কাছে ৩৩ জনের ৮৫৪ জনের ফাইনাল অ্যাপ্লিকেশন এসেছে।’ পরে ডিপিও নিয়োগপত্র ইস্যু করে। এ সময় প্রার্থীদের ভেরিফিকেশন এবং অনেকের ঠিকানা পরিবর্তনের বিষয় সামনে আসে। সেগুলো পর্যায়ক্রমে জমা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘পর্যায়ক্রমে ভেরিফিকেশন হচ্ছে, ঠিকানা আসছে। যাদের হয়নি, সেগুলো আমরা পর্যবেক্ষণে রেখেছি এবং রিভিউ করছি। ১ অক্টোবর পর্যন্ত এটা চলবে।’

এর আগে ২৬ সেপ্টেম্বরও শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর চূড়ান্তভাবে উত্তীর্ণ কেউ ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র না পেলে বিষয়টি যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুততম সময়ে পর্যায়ক্রমে নিয়োগপত্র দেওয়া হবে।

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে নির্বাচিতদের একটি অংশ নিয়োগপত্র না পাওয়ায় সম্প্রতি প্রার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এ নিয়ে নিয়োগবঞ্চিত প্রার্থীরা কর্মসূচিও পালন করছেন।