২৫-২৯ নভেম্বরের মধ্যে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৫ থেকে ২৯ নভেম্বরের মধ্যে প্রকাশের প্রস্তাব করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান।

তিনি জানান, এইচএসসি পরীক্ষায় অনুত্তীর্ণদের জন্য এ বছর থেকেই অন্তর্বর্তী পরীক্ষা চালুর পক্ষে মত দিয়েছেন তারা। ফল প্রকাশের তিন মাসের মধ্যে অন্তর্বর্তী পরীক্ষা নেওয়ার প্রস্তাব দিয়েছেন বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।

সারাদেশে একযোগে নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২ জুলাই। ৮ আগস্ট পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের পরীক্ষা শেষ করতে আরও সময় লাগে।

এইচএসসি/আলিম/এইচএসসি (বিএম/বিএমটি)/এইচএসসি (ভোকেশনাল)/ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় ১১টি বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। মোট কেন্দ্রের সংখ্যা ২ হাজার ৬৯৭টি এবং পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৪৩৯টি। এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।