চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২৯ অক্টোবর প্রকাশিত হতে পারে। শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ দিনটিকে লক্ষ্য রেখে ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তবে ফলাফলের চূড়ান্ত দিন নির্ধারণ করতে আগামী ২৩ ও ২৪ অক্টোবর এক সভায় আলোচনা হবে। সম্প্রতি শিক্ষা বোর্ড সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
ঢাকা শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, শিক্ষামন্ত্রী দেশে ফিরলেই ফলাফল প্রকাশের দিনক্ষণ চূড়ান্ত করা হবে। সব কিছু ঠিক থাকলে ২৯ অক্টোবরই পরীক্ষার্থীরা কাঙ্ক্ষিত ফল পেতে পারেন।
যেভাবে ঘরে বসে অনলাইনে এইচএসসি রেজাল্ট দেখতে পাবেন
পরীক্ষার্থীরা খুব সহজেই কোনো শিক্ষা বোর্ডে না গিয়ে অনলাইনে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন। এর জন্য শিক্ষা বোর্ডের সমন্বিত ওয়েবসাইট (educationboardresults.gov.bd
) ওপেন করতে হবে।
ওয়েবসাইটে প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে দিয়ে বোর্ড সিলেক্ট করতে হবে। এর পর সাবমিট অপশনে ক্লিক করলেই মার্কশিটসহ এইচএসসির ফলাফল স্ক্রিনে দেখা যাবে।
এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব ইআইআইএন (EIIN) ব্যবহার করে একসাথে সব শিক্ষার্থীর ফলাফল এক ক্লিকেই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে।
মোবাইল ফোনে এসএমএস (SMS)-এর মাধ্যমে রেজাল্ট দেখার উপায়
যেকোনো মোবাইল থেকে খুদে বার্তা পাঠিয়েও সহজে ফলাফল পাওয়া যাবে। মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে:
HSC <বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর> <রোল নম্বর> 2026 এবং পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।
উদাহরণস্বরূপ: ঢাকা বোর্ডের জন্য মেসেজ লিখতে হবে— HSC DHA 123456 2026 এবং তা পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। সঙ্গে সঙ্গেই ফিরতি মেসেজে ফল জানা যাবে।
উল্লেখ্য, চলতি বছর সারাদেশে প্রায় ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন। তবে চূড়ান্ত তারিখ জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তির ওপর নজর রাখার অনুরোধ করা হচ্ছে।