ঢাবির ৫ সহকারী প্রক্টরের পদত্যাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছয়জন সহকারী প্রক্টর পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তাদের মধ্যে পাঁচজন ইতিমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বুধ ও বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাংয়ের (ইসরাফিল রতন) মাধ্যমে উপাচার্য বরাবর তারা পদত্যাগপত্র জমা দেন। অন্য একজনও বৃহস্পতিবারের (১২ নভেম্বর) মধ্যে পদত্যাগপত্র জমা দেবেন বলে জানিয়েছেন। 

ছয় সহকারী প্রক্টর হলেন- সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার, আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আতিয়া সানজিদা শর্মী, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শারমীন কবীর, ক্রিমিনোলজি বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিম সোহাগ এবং এমআইএস বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম আলম।

তাদের মধ্যে মুহাম্মদ মাহবুব কায়সার ও ড. মুহাম্মদ রফিকুল ইসলাম বুধবার পদত্যাগপত্র জমা দেন। বৃহস্পতিবার জমা দিয়েছেন আতিয়া সানজিদা শর্মী, শারমীন কবীর ও জাহাঙ্গীর আলম আলম। বাকি সহকারী প্রক্টর রেজাউল করিম সোহাগও পদত্যাগপত্র জমা দেবেন বলে জানিয়েছেন।

পদত্যাগ করা এক সহকারী প্রক্টর বলেন, বুধবার মাগরিবের পর প্রক্টর মহোদয় ফোন দিয়েছিলেন। তিনি বলেন, ওপরের দিক থেকে চাপ আছে, নানা পারিপার্শ্বিক চাপ আছে। যদিও তিনি নিজে চাইছেন না, হয়তো আরও পরে সহকর্মীরা বেশি যোগ দিলে তখন বিষয়টি হতে পারত। তবে তিনি আমাদের পদত্যাগ করার জন্য অনুরোধ করেন।

ছয়জন পদত্যাগ করছেন কি-না জানতে চাইলে তিনি বলেন, আমার জানা মতে তিনজন পদত্যাগপত্র জমা দিয়েছেন, আর তিনজন এখনো দেননি। তারা সন্ধ্যার মধ্যে দিয়ে ফেলবেন। ওই শিক্ষক আরও বলেন, এসব ক্ষেত্রে যেটা হয়, চা খাওয়ার কথা বলা হয়। কিন্তু মূল বার্তাটি ছিল, প্লিজ লিভ। তারা সিদ্ধান্ত নিয়ে রেখেছেন- তবে বলার ভঙ্গি ও মনোভাব অনেক ইতিবাচক ছিল। কিন্তু বার্তাটি স্পষ্ট ছিল, আপনারা দয়া করে সরে যান।

পদত্যাগ করা আরেক সহকারী প্রক্টর বলেন, আমি গতকাল রাতেই পদত্যাগ করেছি। পদত্যাগপত্রে কারণ হিসেবে ব্যক্তিগত ও পারিবারিক বিষয় উল্লেখ করেছি। অন্য সহকারী প্রক্টরদের পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাকে ব্যক্তিগতভাবে বলা হয়েছে বা ইঙ্গিত দেওয়া হয়েছে। আমি পদত্যাগ করেছি। তবে এ বিষয়ে আমাদের কোনো আলাদা মিটিং হয়নি। আমাদের প্রতিদিনের নিয়মিত পেশাগত মিটিং হয়, সেটি আলাদা বিষয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে এ নিয়ে কোনো বৈঠক হয়েছে কিনা, তা আমার জানা নেই।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং (ইসরাফিল রতন) বলেন, আমাদের দুজন পদত্যাগ করেছেন। তারা হলেন- সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার ও আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম। বৃহস্পতিবার অফিসে এসে দেখলাম, কিছুক্ষণ আগে আরও ৩ জন পদত্যাগপত্র দিয়ে গেছেন।

রাজনৈতিক চাপের কারণে সহকারী প্রক্টরদের পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার পক্ষ থেকে কোনো ধরনের চাপ আমি অনুভব করিনি। তাদের ওপর কোনো চাপ দেওয়া হয়েছে কি-না, সেটি তারাই বলতে পারবেন। আমি এমনটা মনে করিনি।