এসএসসিতে বোর্ডপ্রতি ১০০ মেধাবী শিক্ষার্থী পাবে ল্যাপটপ

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে বোর্ডপ্রতি সর্বোচ্চ নম্বরধারী প্রথম ১০০ জনকে ল্যাপটপ দেবে সরকার। দেশের ১১টি শিক্ষা বোর্ড থেকে প্রাথমিকভাবে মোট ১ হাজার ১০০ শিক্ষার্থী এ সুবিধা পাবে।

১০০তম অবস্থানে একাধিক শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর সমান হলে তাদের বিবেচনায় অতিরিক্ত ৪০০টি ল্যাপটপ সংরক্ষিত রাখা হয়েছে। ফলে সব মিলিয়ে দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে এইচএসসি পর্যায়েও মেধাবীদের জন্য এ ধরনের প্রণোদনা চালুর চিন্তা করছে সরকার।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ কর্মসূচি হাতে নিয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, কর্মমুখী ও উৎপাদনমুখী করার পাশাপাশি শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) অধীন ‘স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস’ শীর্ষক স্কিমের আওতায় কর্মসূচিটি বাস্তবায়িত হবে। সরকারের ক্রয়পদ্ধতি (পিপিআর-২০২৫) অনুসরণ করে ল্যাপটপ কেনা হবে। ২০২৭ সালের ফেব্রুয়ারি-মার্চের মধ্যে শিক্ষার্থীদের হাতে এসব ল্যাপটপ তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ। পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।

শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানান, প্রথমে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে সব বিষয়ে জিপিএ-৫ অর্জনকারীদের ৪০ হাজার জনকে ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা ছিল। তবে সরকার ধাপে ধাপে এ কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। প্রথম ধাপে দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়া হবে। এতে আনুমানিক ১৬ থেকে ১৭ কোটি টাকা ব্যয় হবে। শিক্ষা মন্ত্রণালয়ের অন্যান্য কর্মসূচির মাধ্যমেও এ উদ্যোগের পরিসর বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বাসসকে বলেন, প্রাথমিক পর্যায়ে ১১টি শিক্ষা বোর্ড থেকে মেধাক্রমের ভিত্তিতে শীর্ষ দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী সময়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এর পরিসর আরও বাড়ানো হবে।

তিনি জানান, মেধাতালিকায় একাধিক শিক্ষার্থীর নম্বর সমান হলে তাদের বিষয়টি বিবেচনায় নিয়ে অতিরিক্ত ৪০০টি ল্যাপটপ সংরক্ষণ করা হয়েছে। ভবিষ্যতে এইচএসসি পর্যায়ের মেধাবীদের জন্যও একই ধরনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

‘স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস’ স্কিমের পরিচালক অধ্যাপক মো. ফিরোজ আলম বাসসকে বলেন, ভালো ফলাফলে শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক তথ্যপ্রযুক্তির সঙ্গে তাদের সম্পৃক্ত করতে এ পুরস্কার দেওয়া হচ্ছে। শিক্ষা বোর্ডগুলো নিজস্ব তথ্যভাণ্ডার যাচাই করে স্বচ্ছতার সঙ্গে শতভাগ মেধার ভিত্তিতে তালিকা চূড়ান্ত করে পাঠাবে।

তিনি আরও বলেন, প্রতিটি ল্যাপটপের আধুনিক মান ও মানসম্মত কনফিগারেশন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ল্যাপটপের সংখ্যা তুলনামূলক কম হওয়ায় আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে ১১টি শিক্ষা বোর্ডকে যুক্ত করে সেগুলো হস্তান্তরের পরিকল্পনা রয়েছে।

যেভাবে নির্বাচিত হবেন শিক্ষার্থীরা

ঢাকা শিক্ষা বোর্ডের কাঠামো অনুযায়ী, শুধু জিপিএ-৫ নয়, পরীক্ষার্থীদের মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে। প্রতিটি বোর্ডের নির্বাচিত ১০০ শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৫০ শতাংশ, মানবিক বিভাগ থেকে ৩০ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২০ শতাংশ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে পরীক্ষার্থীর সংখ্যা ও অনুপাত বিবেচনায় রাখা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ঢাকা বোর্ডের এই কাঠামো অনুসরণ করে সাধারণ শিক্ষা বোর্ডের অন্য আটটিতেও একই পদ্ধতিতে শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে। তবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে কিছুটা ভিন্ন পদ্ধতি অনুসরণ করা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বাসসকে জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিটি বোর্ড থেকে সর্বোচ্চ নম্বরধারী ১০০ জনকে বাছাই করা হয়েছে। সব বোর্ডের চূড়ান্ত তালিকা ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ বাসসকে বলেন, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পর্যায়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বরধারীদের তালিকা তৈরি করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কাছে পাঠানো হয়েছে। কারিগরিতে এসএসসি ভোকেশনালের তুলনায় দাখিল ভোকেশনালে পরীক্ষার্থীর সংখ্যা অনেক কম হওয়ায় আনুপাতিক হারে শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. ফারুক আহমেদ বাসসকে বলেন, দাখিল পরীক্ষায় সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া সর্বোচ্চ নম্বরধারীদের তালিকা তৈরি করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কাছে পাঠানো হয়েছে। মাদ্রাসার শিক্ষার্থীদের গ্রুপভিত্তিক বিন্যাসে বিজ্ঞান, মানবিক ও মুজাব্বিদ শাখার অনুপাত বিবেচনায় তালিকা চূড়ান্ত করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বাসসকে বলেন, এসএসসিতে জিপিএ-৫ পাওয়া দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী ও উৎসাহিত করতে সরকার এ প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে উচ্চশিক্ষার ক্ষেত্রেও তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিজেদের দক্ষতা বাড়াতে পারবে।