শ্রেণিকক্ষে প্রত্যাশিত পাঠদান না হওয়া, পরীক্ষায় ভালো ফলের চাপ এবং শিক্ষকদের কোচিং-নির্ভরতার কারণে দেশের শিক্ষাব্যবস্থায় ক্রমেই বাড়ছে কোচিং সেন্টারের প্রভাব। রাজধানী থেকে শুরু করে জেলা, উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়েও ছড়িয়ে পড়েছে এসব প্রতিষ্ঠান। শিক্ষা-সংশ্লিষ্টদের দাবি, দেশে নিবন্ধিত কোচিং সেন্টারের সংখ্যা ৬ হাজারের বেশি হলেও অনিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ২ লাখ। এসব প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন বিপুল-সংখ্যক শিক্ষক।
অভিযোগ রয়েছে, সরকারি নির্দেশনা ও ২০১২ সালের নীতিমালা উপেক্ষা করে অনেক এমপিওভুক্ত শিক্ষক বাণিজ্যিক কোচিং সেন্টারে পাঠদান করছেন। কেউ কেউ শ্রেণিকক্ষের পাঠদানের চেয়ে কোচিং সেন্টারেই বেশি সময় দিচ্ছেন। এমনকি কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কক্ষও কোচিং কার্যক্রমের জন্য ভাড়া দেওয়া হচ্ছে।
এ পরিস্থিতিতে কোচিং-বাণিজ্যে জড়িত শিক্ষকদের নিয়ন্ত্রণে উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক অনুষ্ঠানে বলেছেন, ‘অনেক শিক্ষক রয়েছেন, ক্লাসে না পড়িয়ে কোচিং সেন্টারে পড়ান। আমি তালিকা করছি। এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে গিয়ে পড়াতে পারবেন না।’
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জরিপ অনুযায়ী, দেশে নিবন্ধিত কোচিং সেন্টারের সংখ্যা ৬ হাজার ৫৮৭টি। এর মধ্যে একাডেমিক কোচিং সেন্টার ৬ হাজার ৩১২টি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি ও চাকরি-সংক্রান্ত কোচিং সেন্টার রয়েছে ২৭৫টি।
তবে শিক্ষা-সংশ্লিষ্টদের ধারণা, নিবন্ধনের বাইরে থাকা কোচিং সেন্টারের সংখ্যা প্রায় ২ লাখ। রাজধানীর বিভিন্ন এলাকার পাশাপাশি দেশের প্রায় প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আশপাশে গড়ে উঠেছে এসব প্রতিষ্ঠান। অনেক ক্ষেত্রে কোচিং সেন্টারের মালিকানা ও পরিচালনার সঙ্গে শিক্ষকরা সরাসরি যুক্ত।
বিবিএসের তথ্য বলছে, বর্তমানে নিবন্ধিত কোচিং সেন্টারগুলোর মধ্যে ৪ হাজার ৩১০টি ব্যক্তিমালিকানাধীন এবং ২ হাজার ২৬টি যৌথ মালিকানায় পরিচালিত। ট্রাস্টি বোর্ড বা ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত হয় ১১৬টি। এ ছাড়া বোর্ড অব ডিরেক্টরস বা ম্যানেজিং কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে ১৩৬টি প্রতিষ্ঠান।
এসব কোচিং সেন্টারে শিক্ষার্থীর সংখ্যা ৯ লাখ ১৭ হাজার। মোট জনবল ৬৬ হাজার ৭৫৪ জন। তাঁদের মধ্যে শিক্ষক ৬১ হাজার ৮১২ জন। বাকি কর্মীদের একটি বড় অংশসহ মোট জনবলের ২৬ হাজার ৯৭০ জন পার্টটাইম কর্মজীবী।
অভিভাবকদের অভিযোগ, স্কুলে নিয়মিত ক্লাস হলেও অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরা প্রয়োজনীয় পাঠ ও বিষয়ভিত্তিক ব্যাখ্যা পাচ্ছে না। ফলে গণিত, ইংরেজি ও বিজ্ঞানের মতো বিষয় বুঝতে আলাদা শিক্ষক কিংবা কোচিং সেন্টারের ওপর নির্ভর করতে হচ্ছে।
মাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলোতে গণিতের শিক্ষক রয়েছেন ৬৭ হাজার ৬৯৭ জন। ইংরেজি বিষয়ে পাঠদান করেন ৬৪ হাজার ২৫৩ জন। অভিযোগ রয়েছে, এসব বিষয়ের অনেক শিক্ষক বিদ্যালয়ের বাইরে কোচিং করান।
কিছু অভিভাবকের অভিযোগ, সংশ্লিষ্ট শিক্ষকের কাছে স্কুলের বাইরে কোচিং বা প্রাইভেট না পড়লে পরীক্ষায় কম নম্বর দেওয়া কিংবা ফেল করিয়ে দেওয়ার ভয় দেখানো হয়। কোথাও কোথাও শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার এবং শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনাও ঘটছে বলে অভিযোগ রয়েছে।
ফলে শিক্ষার্থীদের একটি অংশের কাছে কোচিং এখন আর কেবল অতিরিক্ত সহায়তা নয়; ভালো ফলের জন্য প্রায় বাধ্যতামূলক ব্যবস্থায় পরিণত হয়েছে।
কোচিং-প্রাইভেট নির্ভর শিক্ষাব্যবস্থার আর্থিক চাপ কতটা, তার একটি উদাহরণ রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা আজিজুল হক। তিনি ফার্মগেটের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। মাসিক বেতন ৩৫ হাজার টাকা। স্ত্রী, মা ও দুই সন্তানকে নিয়ে তাঁর সংসার।
মোহাম্মদপুরের একটি স্কুলে তাঁর দুই সন্তান পড়াশোনা করে। বড় ছেলে নবম শ্রেণিতে, ছোট ছেলে পঞ্চম শ্রেণিতে। দুই সন্তানের স্কুলের বেতন মাসে প্রায় ৪ হাজার টাকা। কিন্তু স্কুলের পড়াশোনার পাশাপাশি দুজনকেই আলাদা করে দুটি করে বিষয়ে প্রাইভেট পড়তে হয়।
আজিজুল হক বলেন, ‘স্কুলে তো শুধু পড়া দেয় আর নেয়। বিশেষ করে ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয় না পড়লে হয় না। মাসে প্রাইভেটে খরচ হয়ে যায় প্রায় ১০ হাজার টাকা।’
দুই সন্তানের যাতায়াত, টিফিন, খাতা-কলমসহ অন্যান্য শিক্ষা উপকরণে আরও প্রায় ৪ হাজার টাকা খরচ হয়। সব মিলিয়ে তাঁদের পড়াশোনায় মাসে প্রায় ১৮ হাজার টাকা ব্যয় হচ্ছে।
আজিজুল হকের ভাষায়, সন্তানদের পড়াশোনার খরচ মেটানোর পর বাসাভাড়া ও সংসারের অন্যান্য ব্যয় চালানো কঠিন হয়ে পড়েছে। বছরে চারবার তাঁকে ১৪টি খাতার সেটও কিনতে হয়।
এমন পরিস্থিতি শুধু আজিজুল হকের পরিবারের নয়। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের অনেক অভিভাবকই সন্তানদের শিক্ষার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন।
শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ততা বন্ধ করতে ২০১২ সালে ‘কোচিং বাণিজ্য বন্ধের নীতিমালা’ জারি করে সরকার।
নীতিমালা অনুযায়ী, কোনো শিক্ষক বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত কোচিং সেন্টারের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত হতে পারবেন না। শিক্ষার্থীদের কোচিং করতে উৎসাহিত করা, উদ্বুদ্ধ করা কিংবা বাধ্য করাও নিষিদ্ধ।
এমপিওভুক্ত কোনো শিক্ষক কোচিং-বাণিজ্যে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। এর মধ্যে রয়েছে এমপিও স্থগিত বা বাতিল, বেতন-ভাতা স্থগিত, বার্ষিক বেতন বৃদ্ধি বন্ধ, বেতন এক ধাপ অবনমিত করা, সাময়িক বরখাস্ত এবং চূড়ান্ত বরখাস্ত।
তবে সংশ্লিষ্টদের অভিযোগ, নীতিমালায় শাস্তির বিধান থাকলেও বাস্তবে এর প্রয়োগ খুবই সীমিত।
অন্যদিকে, নীতিমালায় শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাসের সুযোগ রাখা হয়েছে। অভিভাবকদের আবেদনের ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নির্ধারিত সময়ের আগে বা পরে এসব ক্লাসের ব্যবস্থা করতে পারবেন।
এ ক্ষেত্রে মাসিক ফি নির্ধারণ করা হয়েছে মহানগরী এলাকায় জনপ্রতি ৩০০ টাকা, জেলা পর্যায়ে ২০০ টাকা এবং উপজেলা ও অন্যান্য এলাকায় ১৫০ টাকা। দরিদ্র শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রতিষ্ঠানপ্রধান চাইলে এ ফি কমাতে বা মওকুফ করতে পারবেন।
অতিরিক্ত ক্লাসের ক্ষেত্রে একটি বিষয়ে মাসে কমপক্ষে ১২টি ক্লাস নিতে হবে। প্রতি ক্লাসে সর্বোচ্চ ৪০ জন শিক্ষার্থী অংশ নিতে পারবে। এ খাত থেকে পাওয়া অর্থের ১০ শতাংশ বিদ্যালয়ের পানি, বিদ্যুৎ, গ্যাস ও সহায়ক কর্মচারীদের ব্যয় মেটাতে রাখা হবে। অবশিষ্ট অর্থ পাবেন সংশ্লিষ্ট শিক্ষকরা। অর্থ ব্যবস্থাপনার দায়িত্ব থাকবে স্কুল কর্তৃপক্ষের হাতে। কোচিং-বাণিজ্য প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দায়িত্বও দেওয়া হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদকে।
কোচিং সেন্টার শিক্ষাসংশ্লিষ্ট প্রতিষ্ঠান হলেও এগুলোর নিবন্ধন বা অনুমোদন দেওয়া হচ্ছে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মাধ্যমে। সিটি করপোরেশন, পৌরসভা কিংবা ইউনিয়ন পরিষদ থেকে ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধন নিচ্ছে এসব প্রতিষ্ঠান। ফলে শিক্ষা মন্ত্রণালয় বা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নিয়মিত তদারকির আওতায় এগুলো আসছে না।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ১১১ নম্বর ধারা, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ৭৯ নম্বর ধারা এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৮২ নম্বর ধারায় এসব প্রতিষ্ঠানকে নিবন্ধন দেওয়ার বিধান রয়েছে।
এই সুযোগে কোচিং সেন্টারগুলো ব্যবসাপ্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত হয়ে নিজেদের কার্যক্রমকে বৈধ বলে দাবি করছে। কিন্তু শিক্ষার্থী অনুপাতে কতজন শিক্ষক থাকতে হবে, কী ধরনের পাঠদান হবে কিংবা শিক্ষার মান কীভাবে নিয়ন্ত্রণ করা হবে এসব বিষয়ে নির্দিষ্ট কোনো নীতিমালা নেই।
শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের মতে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট শর্ত পূরণ করে বোর্ডের মাধ্যমে নিবন্ধন নেয়। এসব প্রতিষ্ঠানের মান বজায় রাখতে পরিদর্শনের ব্যবস্থাও রয়েছে। কিন্তু কোচিং সেন্টারগুলো শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালার আওতায় না থাকায় সেগুলোতে নিয়মিত পরিদর্শন হয় না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের এক অধ্যাপকের মতে, বর্তমানে যেভাবে কোচিং সেন্টারগুলো পরিচালিত হচ্ছে, তাতে এগুলোকে শিক্ষাপ্রতিষ্ঠানের চেয়ে ব্যবসাপ্রতিষ্ঠান বলাই বেশি যুক্তিযুক্ত। তাঁর মতে, কোচিং সেন্টারকে যদি সহায়তামূলক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করতে হয়, তাহলে নিবন্ধনের দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় নেওয়া প্রয়োজন। পাশাপাশি নিয়মিত পর্যবেক্ষণ ও জবাবদিহির ব্যবস্থাও থাকতে হবে।
অভিভাবকদের মতে, স্কুল ও কলেজ পর্যায়ে মানসম্মত পাঠদান নিশ্চিত করা গেলে শিক্ষার্থীদের কোচিং সেন্টারমুখী হওয়ার প্রবণতা কমতে পারে। কিন্তু শ্রেণিকক্ষে প্রয়োজনীয় শিক্ষা না পাওয়ায় ভালো ফলের আশায় অভিভাবকদের সন্তানদের কোচিংয়ে পাঠাতে হচ্ছে।
অন্যদিকে, অনুমোদনের নামে অনেক কোচিং সেন্টারের কাছে কেবল নামমাত্র কাগজপত্র থাকলেও পাঠদান ও শিক্ষার মান নিয়ন্ত্রণে কার্যকর তদারকি নেই। ফলে শিক্ষার্থীরা প্রত্যাশিত মানের শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, আর অভিভাবকদের বহন করতে হচ্ছে বাড়তি আর্থিক চাপ।
শিক্ষকদের বাণিজ্যিক কোচিং কার্যক্রম বন্ধে মন্ত্রণালয়ের নতুন উদ্যোগ কতটা কার্যকর হয়, তা এখন দেখার বিষয়। তবে শিক্ষাসংশ্লিষ্টদের মতে, শুধু কোচিংয়ে শিক্ষকদের অংশগ্রহণ বন্ধ করলেই সমস্যার সমাধান হবে না। শ্রেণিকক্ষে মানসম্মত পাঠদান, কোচিং সেন্টারের নিবন্ধন ও তদারকি এবং নীতিমালার কার্যকর প্রয়োগ নিশ্চিত করাও জরুরি।