ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ পবিপ্রবির শিক্ষার্থীদের

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীরা।

বুধবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। এ সময় কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের। 

পরবর্তীতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে কোটা সংস্কারের দাবিতে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত আন্দোলন ও অবস্থান কর্মসূচি পালন করে থাকে পবিপ্রবি শিক্ষার্থীরা। টানা তিন ঘণ্টা রাস্তা অবরোধ করায় সাধারণ মানুষ বহুমুখী সমস্যার সম্মুখীন হয়।

আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে মৎস্য বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী মেহেদী হাসান ইমন বলেন, বিসিএসসহ সকল সরকারি চাকরি পরীক্ষার কোটা পদ্ধতি সংস্কার করতে হবে এবং পোষ্য কোটার মতো অযৌক্তিক সকল কোটাসমূহ বাতিল করতে হবে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ভূমি ও আইন অনুষদের আরেক শিক্ষার্থী বলেন, আমরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নই, বরং মুক্তিযুদ্ধের ৫২ বছর পরে কোটা পদ্ধতির মাধ্যমে কোনো মেধা বৈষম্যমূলক আচরণ আমরা সাধারণ শিক্ষার্থীরা মেনে নিতে রাজি নই। যতক্ষণ পর্যন্ত কোটা পদ্ধতি সংস্কার না হবে ততদিন আমরা আন্দোলন অব্যাহত রাখবো।