লালমনিরহাটে শিক্ষা ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

লালমনিরহাট প্রতিনিধি: দেশের শিক্ষা ব্যবস্থার অগ্রগতি, শিক্ষা ও উন্নয়নের সমন্বয়ের লক্ষ্যে লালমনিরহাটে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক ‘শিক্ষা ও উন্নয়ন’ বিষয়ক সম্মেলন শুরু হয়েছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে জেলার উত্তর বাংলা কলেজ অডিটোরিয়ামে সম্মেলনের উদ্বোধন করেন কলেজের প্রতিষ্ঠাতা ড. মোজাম্মেল হক।

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষানীতি, নারী শিক্ষার গুরুত্ব, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার অগ্রগতি, বাংলাদেশে শিক্ষার উন্নয়নে বাধাসমূহ’সহ বিভিন্ন বিষয় নিয়ে দেশসেরা গবেষক ও শিক্ষাবিদরা প্রবন্ধ ও গবেষণাপত্র এই সম্মেলনে উপস্থাপন করবেন।

গবেষকরা প্রথম দিনে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার শিক্ষা ব্যবস্থা, দেশের শিক্ষানীতি, নারী শিক্ষার অগ্রগতি বিষয়ে তাদের গবেষণা ও প্রবন্ধ উপস্থাপন করেন।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- নর্দান ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসাইন, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য  অধ্যাপক মাহবুবা নাসরিন, ভারতের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দীপক রায়, উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ সরকার ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

তিন দিনের এ আন্তর্জাতিক সম্মেলনে যুগে যুগে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন, পরিবর্ধন এবং আগামীর শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন নিয়ে পর্যালোচনা করা হবে। এতে ভারত, পাকিস্তান, কানাডা, আয়ারল্যান্ড, ইংল্যান্ড ও স্কটল্যান্ডের খ্যাতিমান ও বিশিষ্ট চিন্তাবিদ’সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সম্মেলনের সমাপনী ঘোষণা করবেন।

#এইটএ/এসএ