অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা: নেটিজেনদের নানান অভিযোগ

ছোট পর্দার পরিচিত মুখ জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাথ খান ইকরার আকস্মিক মৃত্যু নিয়ে বিনোদন অঙ্গনে বইছে রহস্যের হাওয়া। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। অভিনেতা স্বামী যখন নেপালে শুটিংয়ে ব্যস্ত, তখন ঢাকার বাসায় স্ত্রীর এমন চরম সিদ্ধান্তের পেছনে উঠে আসছে দাম্পত্য কলহ ও বিবাহবহির্ভূত সম্পর্কের চাঞ্চল্যকর গুঞ্জন।

নেটিজেনদের অভিযোগ, অভিনেত্রী ইফফাত আরা তিথির সঙ্গে আলভীর ঘনিষ্ঠ সম্পর্কই এই ট্র্যাজেডির মূল কারণ। গত শুক্রবার তিথির জন্মদিন উপলক্ষে আলভী তার ভেরিফায়েড পেজে একটি ঘনিষ্ঠ ছবি শেয়ার করেন, যেখানে দুজনকে একটি গামছায় জড়ানো অবস্থায় দেখা যায়। ক্যাপশনে আলভী তিথিকে তার ‘পছন্দের কো-আর্টিস্ট’ হিসেবে বর্ণনা করেন। গুঞ্জন রয়েছে, বর্তমান নেপাল সফরেও আলভীর সঙ্গে তিথি অবস্থান করছেন, যা মেনে নিতে পারেননি ইকরা।

মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগে এই দম্পতির ফেসবুক স্ট্যাটাসগুলো কলহের ইঙ্গিত দিচ্ছে। শুক্রবার রাত ৩টা ১৩ মিনিটে আলভী লিখেছিলেন, ‘ভুল করলে মাফ মিলে, কিন্তু মুক্তি মেলে না।’ এর কয়েক ঘণ্টা পর ইকরা তার ফেসবুকে একটি হাস্যোজ্জ্বল ছবি দিয়ে ইংরেজিতে লেখেন, ‘কেউ একজন কারও পুরো জীবন ধ্বংস করে দেওয়ার পর নিজের মাত্র একটা দিন নষ্ট হওয়ার জন্য কাঁদছে... কান্নার চেয়ে এই পরিহাসের আওয়াজ অনেক বেশি তীক্ষ্ণ।’ সামাজিক মাধ্যমে এই স্ক্রিনশটগুলো এখন ভাইরাল।

স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে নেপাল থেকে এক আবেগঘন বার্তায় আলভী জানান, তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। একমাত্র সন্তানের ভবিষ্যতের কথা ভেবে তিনি দিশেহারা। বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘দ্রুত দেশে ফিরে আমি সবার সঙ্গে কথা বলব। দয়া করে আমার স্ত্রীর জন্য দোয়া করবেন।’

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, শনিবার দুপুর পৌনে ১২টার দিকে স্বজনরা ইকরাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে বাসার সিসি ক্যামেরার ফুটেজ ও অন্যান্য আলামত সংগ্রহ করছে পুলিশ। এটি নিছক আত্মহত্যা নাকি এর পেছনে কোনো প্ররোচনা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।