আত্মহত্যার প্ররোচনার মামলা: দেশে ফিরলেই গ্রেপ্তার অভিনেতা জাহের আলভী

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় প্ররোচনার মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় প্রধান আসামি করা হয়েছে অভিনেতা আলভী ও তার মাকে। পুলিশ জানিয়েছে, আলভী বর্তমানে নেপালে অবস্থান করছেন এবং দেশে পা রাখা মাত্রই তাকে গ্রেপ্তার করা হবে।

সোমবার (২ মার্চ) রাজধানীর পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত রোববার (২ মার্চ) ইকরার বাবা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।

ওসি আলমগীর জাহান সংবাদমাধ্যমকে বলেন, ‘মামলায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। আমরা জানতে পেরেছি আসামি জাহের আলভী বর্তমানে দেশের বাইরে, নেপালে আছেন। তিনি দেশে থাকলে অবশ্যই তাৎক্ষণিক গ্রেপ্তার হতেন। যেহেতু মামলা হয়েছে, তাই তিনি দেশে ফিরলেই তাকে আইনের আওতায় আনা হবে।’

পুলিশের প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে হলেও এর পেছনে পারিবারিক কলহ বা মানসিক নির্যাতনের কোনো ভূমিকা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও সংগৃহীত আলামত বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) মিরপুর ডিওএইচএসের বাসা থেকে ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ১ মার্চ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্ত শেষে ওই রাতেই ময়মনসিংহের ভালুকায় তাকে দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১০ সালে আলভী ও ইকরা গোপনে বিয়ে করেছিলেন। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। এই দম্পতির একটি সন্তান রয়েছে।