আন্দোলনে অংশ নেওয়ার জন্য ক্ষমা চাইলেন ইমরান খান

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পিএম

ভারতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের বিরুদ্ধে আন্দোলনে অংশ নেওয়ার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। সোমবার (২ নভেম্বর) বোম্বে হাইকোর্টের তিরস্কারের পর তিনি ক্ষমা চাইতে বাধ্য হন।

গত মাসে মুম্বাইয়ে ওই আন্দোলনে যোগ দিয়ে আটক হয়েছিলেন ইমরান। পরে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) তাকে ভারত ছাড়ার নোটিশ দেয়। নোটিশে বলা হয়, আন্দোলনে অংশ নিয়ে তিনি বিদেশি নাগরিক আইন ভঙ্গ করেছেন। সেখানে তাকে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে উল্লেখ করা হয়েছিল।

আদালত সোমবার বলেছে, ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারী হিসেবে দেশের সমালোচনা করার কোনো অধিকার তার নেই। শুনানিতে আদালত আরও জানায়, এসআইআর-এর কারণে ইমরান খানের কোনো ক্ষতি হয়নি। তাকে ভারতীয় নাগরিকদের সমান পর্যায়ে ধরা যায় না।

এরপর আদালত তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে কিংবা হলফনামায় অনুশোচনা প্রকাশ করতে বলে। একইসঙ্গে ভবিষ্যতে এসআইআর বিরোধী কোনো বিক্ষোভে অংশ না নেওয়ার অঙ্গীকারনামা জমা দেওয়ার নির্দেশ দেয়। হাইকোর্টের তিরস্কারের পর ইমরান আদালতে সেই অঙ্গীকারনামা জমা দিয়েছেন। তার ভারত ছাড়ার নোটিশ আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

ওসিআই কার্ডধারীরা আজীবন মেয়াদি ভিসা পান। তবে ভোট দেওয়া বা নির্বাচনে অংশ নেওয়ার অধিকার তাদের নেই। বিক্ষোভে অংশ নিতে অনুমতির বিষয়টি ওসিআই নিয়মে স্পষ্ট করে বলা নেই। অন্যদিকে ভারতের সংবিধানের ১৯ অনুচ্ছেদে বাকস্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের যে অধিকারের কথা বলা হয়েছে, তা শুধু ভারতীয় নাগরিকদের জন্য প্রযোজ্য।

জেএম
আরও পড়ুন