রাজধানীর মিরপুরে স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে করা মামলায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে জাহের আলভীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকা মহানগর হাকিম কামাল উদ্দিন এ আদেশ দেন।
এদিন আলভী আইনজীবীদের মাধ্যমে জামিন আবেদন করে আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। শুনানিতে জাহের আলভীর পক্ষে ছিলেন ঢাকা বারের সভাপতি আনোয়ার জাহিদ ভুঁইয়া। অপরদিকে বাদীপক্ষের আইনজীবীরা তার জামিন আবেদন নামঞ্জুরের পক্ষে যুক্তি উপস্থাপন করেন।
ঈদ উপলক্ষে নাটক নির্মাণের জন্য গত ২৫ ফেব্রুয়ারি নেপালে অবস্থানকালে তার বিরুদ্ধে মামলাটি করা হয়। মামলার অভিযোগে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি মিরপুরের ডিওএইচএসের বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইকরাকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই দিন রাতেই ইকরার বাবা কবির হায়াত খান মামলা করেন। অভিযোগে বলা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও নির্যাতনের কারণেই ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।
উল্লেখ্য, ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন জাহের আলভী ও ইকরা। তাদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে। এই মামলায় এর আগে গত ৪ জুন আলভীর মা নাসরিন সুলতানা শিউলি আদালতে আত্মসমর্পণের পর জামিন পান।