আদালতের দ্বারস্থ প্রীতি জিনতা

সামাজিক মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে বিকৃত ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। মেটা ও গুগলসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তার একাধিক ‘ডিপফেক’ ছবি ছড়িয়ে পড়ার পর সুরক্ষার দাবিতে তিনি ভারতের মুম্বাই হাই কোর্টের শরণাপন্ন হন।

আদালতে দাখিল করা আবেদনে প্রীতি জিনতা অভিযোগ করেন, মেটা ও গুগলসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তার একাধিক এআই-নির্মিত বিকৃত ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। তার দাবি, অত্যন্ত নিখুঁতভাবে তৈরি এসব ভুয়া কনটেন্ট সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে এবং তার সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করছে।

তিনি আরও বলেন, এ ধরনের প্রযুক্তির অপব্যবহার তার ব্যক্তিগত গোপনীয়তার অধিকার এবং কপিরাইট লঙ্ঘন করছে। পাশাপাশি তিনি ভারতের কপিরাইট আইন ১৯৫৭ অনুযায়ী নিজের নৈতিক অধিকার সুরক্ষার আবেদনও জানিয়েছেন।

বিচারপতি অভয় আহুজা-এর একক বেঞ্চ অভিযোগটি আমলে নিয়েছেন এবং প্রীতি জিনতাকে ব্যক্তিগত অধিকার রক্ষায় সুনির্দিষ্টভাবে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন।

প্রযুক্তির অপব্যবহারের বিরুদ্ধে বলিউডে এটি প্রথম আইনি পদক্ষেপ নয়। এর আগে অমিতাভ বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন-সহ আরও কয়েকজন তারকা তাদের অনুমতি ছাড়া নাম, ছবি ও কণ্ঠস্বর ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আদালতের শরণাপন্ন হয়েছিলেন।

উল্লেখ্য, প্রীতি জিনতা বর্তমানে তার আসন্ন চলচ্চিত্র বাটোয়ারা ১৯৪৭-এর প্রচারণার কাজে ব্যস্ত সময় পার করছেন। এর মধ্যেই নিজের ডিজিটাল পরিচয় ও আইনি অধিকার সুরক্ষায় এই পদক্ষেপ নিলেন তিনি।