‘অভিযোগ করলেই কি সত্য হয়ে যায়’- প্রশ্ন তানজিন তিশার

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পিএম

মডেল ও অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে তার বিরুদ্ধে সমন জারি করেছেন। আগামী ২৩ নভেম্বর তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দিয়ে নিজের বক্তব্য তুলে ধরেছেন তিশা।

স্ট্যাটাসে তানজিন তিশা প্রশ্ন তুলেছেন- একজন মানুষের দীর্ঘদিনের সম্মান, ক্যারিয়ার ও অর্জন ধ্বংস করার এমন প্রচেষ্টার পেছনে কারা রয়েছেন এবং কেনই বা এমন করা হচ্ছে। তার দাবি, একটি বক্তব্যের রেকর্ড থেকে নিজেদের সুবিধামতো অংশ কেটে মূল কথার অর্থ বদলে ভিন্ন গল্প সাজিয়ে উপস্থাপন করা হয়েছে। পরে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে সম্মানহানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিশা লিখেছেন, ‘এত বড় একটা পরিকল্পনা? একজন মানুষের এত বছরের সম্মান, ক্যারিয়ার আর অর্জন ধ্বংস করে দেওয়ার এমন বিশাল ঘৃণ্য প্রচেষ্টা কেন? কিসের জন্য? আর এর পেছনে কারা?’ স্ট্যাটাসে তিনি আরও প্রশ্ন তোলেন, অভিযোগের ভিত্তিতে কি কাউকে দোষী সাব্যস্ত করা যায়? নাকি সত্য-মিথ্যার বিচার হওয়া উচিত আদালতে? তার ভাষ্য- এ ঘটনায় অনেক প্রশ্নের উত্তর ও তথ্যপ্রমাণ তার কাছে রয়েছে। তবে সেসব সত্য ও প্রমাণ মানুষের সামনে তুলে ধরবে কে- আদালত, নাকি দায়িত্বশীল সাংবাদিকতা, সেই প্রশ্নও রেখেছেন তিনি।

তানজিন তিশা লেখেন, ‘মামলা কি এতই সহজ? অভিযোগ করলেই সত্য হয়ে যায়? একজনের নাম একের পর এক অভিযোগ ছড়িয়ে সামাজিক মাধ্যমে সম্মানহানি করা হয়?’ জনসাধারণের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিনেত্রী। তার বক্তব্য, অভিযোগ সামনে এলেই তা যাচাই না করে বিশ্বাস করা উচিত নয়। সত্য-মিথ্যা নির্ধারণের ক্ষেত্রে আদালত ও দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।

মামলাটি করেছেন নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী। সোমবার (২৬ অক্টোবর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে মামলাটি করেন তিনি। আদালত মামলাটি আমলে নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেন এবং আগামী ২৩ নভেম্বর তাকে হাজির হওয়ার নির্দেশ দেন।

জেএম
আরও পড়ুন