বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে তারকাদের আহ্বান

দেশজুড়ে টানা বৃষ্টিতে বন্যা ও জলাবদ্ধতায় বিপর্যস্ত জনজীবন। পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার কারণে হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। রাজধানী ঢাকাতেও টানা বৃষ্টিতে সৃষ্টি হয়েছে ব্যাপক জলাবদ্ধতা। এমন দুর্যোগে বন্যাকবলিত মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন শোবিজ অঙ্গনের তারকারা। পাশাপাশি সবাইকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ফেসবুকে লিখেছেন, দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য তিনি দোয়া করছেন। যারা স্বজন, ঘরবাড়ি ও জীবিকা হারিয়েছেন, আল্লাহ যেন তাদের ধৈর্য ও শক্তি দান করেন। একই সঙ্গে উদ্ধার ও ত্রাণকাজে নিয়োজিতদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি সবাইকে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

চট্টগ্রামের সন্তান অভিনেতা ইরফান সাজ্জাদও নিজের জেলার ভয়াবহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, কক্সবাজার ও বান্দরবনের মানুষ চরম দুর্ভোগে থাকলেও বিষয়টি প্রয়োজনীয় গুরুত্ব পাচ্ছে না। তিনি বন্যাকবলিত মানুষের জন্য সবার সহযোগিতা কামনা করে মহান আল্লাহর রহমত প্রার্থনা করেন।

অন্যদিকে অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী জানান, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, হবিগঞ্জসহ দেশের একাধিক জেলা পানির নিচে তলিয়ে গেছে। হাজারো মানুষ আশ্রয়কেন্দ্র ও বাড়ির ছাদে মানবেতর জীবন কাটাচ্ছেন। তিনি বলেন, যারা নিরাপদে আছেন, তাদের উচিত সামর্থ্য অনুযায়ী শুকনো খাবার, বিশুদ্ধ পানি কিংবা প্রয়োজনীয় সহায়তা নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো।

উল্লেখ্য, ২০২৪ সালের ভয়াবহ বন্যার সময় দেশের শোবিজ ও সংস্কৃতি অঙ্গনের শিল্পীরা সম্মিলিতভাবে ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছিলেন। তবে এবারের বন্যা পরিস্থিতিতে এখন পর্যন্ত তেমন কোনো বড় উদ্যোগের খবর পাওয়া যায়নি।