২৮ বছর পর নতুন রূপে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’

নব্বইয়ের দশকের জনপ্রিয় বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’ মুক্তির ২৮ বছর পর নতুন আঙ্গিকে ফিরছে। মূল সিনেমার আবেগ ও গল্পের আবহ অক্ষুণ্ন রেখে নির্মিত হয়েছে আধুনিক সংস্করণ ‘আবার হঠাৎ বৃষ্টি’।

১৯৯৮ সালে বাসুদেব চ্যাটার্জি পরিচালিত ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমায় নতুন জুটি হিসেবে দর্শকের মন জয় করেছিলেন বাংলাদেশের ফেরদৌস আহমেদ ও কলকাতার প্রিয়াঙ্কা ত্রিবেদি। সেই সিনেমার জনপ্রিয়তা আজও দর্শকের মনে রয়েছে। এবার নতুন প্রজন্মের জন্য গল্পটি সমসাময়িক সময়ের প্রেক্ষাপটে পর্দায় তুলে ধরেছেন তরুণ নির্মাতা কামরুজ্জামান।

নতুন সংস্করণে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নবীন শিল্পী আরিয়ন ও রাদিফা।

আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্মের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টিয়ানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান ও ঝুনা চৌধুরী।

মূল ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমার জনপ্রিয়তার অন্যতম কারণ ছিল নচিকেতা চক্রবর্তীর সুরে তৈরি কালজয়ী গানগুলো। সেই আবহ ধরে রাখতে পুরোনো ছয়টি গানের মধ্যে তিনটির নতুন সংস্করণ রাখা হয়েছে। পাশাপাশি বর্তমান প্রজন্মের দর্শকদের কথা বিবেচনায় নিয়ে যুক্ত করা হয়েছে দুটি নতুন গান।

নির্মাতার প্রত্যাশা, পুরোনো দিনের স্মৃতি ও নতুন উপস্থাপনার সমন্বয়ে ‘আবার হঠাৎ বৃষ্টি’ দর্শকদের হৃদয়ে নতুন করে জায়গা করে নেবে।

সিনেমাটি আগামী ২ অক্টোবর সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।