‘ওরা এত বড় ও শক্তিশালী একটা গণমাধ্যম, অথচ ভিডিওটি টানা ১১ ঘণ্টা পেজে ঝুলিয়ে রাখা হলো। এতক্ষণেও তারা কোনো আইনি বা প্রশাসনিক পদক্ষেপ নিয়ে পেজ নিয়ন্ত্রণে নিতে পারল না?’, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজ থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি দুই তারকার বিকৃত ও আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় এভাবেই ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা পরীমনি। তার প্রশ্ন, এত বড় একটি গণমাধ্যমের পেজে এমন ঘটনা ঘটার পর শুধু হ্যাক হওয়ার দাবি তুলে দুঃখপ্রকাশ করেই কি দায় এড়ানো যায়?
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক চর্চা এবং সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন এই অভিনেত্রী। তার বক্তব্য, ভিডিওটি অনেক আগের একটি ভুয়া ক্লিপ হলেও মূলধারার একটি প্রভাবশালী টেলিভিশন চ্যানেলের প্ল্যাটফর্ম ব্যবহার করে সেটি নতুন করে ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠেছে।
চ্যানেলটির পক্ষ থেকে পেজ হ্যাক হওয়ার দাবি তোলা হলেও পরীমনি মনে করেন, এ ধরনের ব্যাখ্যা দিয়ে দায় এড়ানোর সুযোগ নেই। তিনি বলেন, ‘এমন গাফিলতির পর আপনি কোনোভাবেই শুধু বলতে পারেন না যে পেজ হ্যাক হয়েছে। এমন হলে তো আমিও দাবি করতে পারি আমার পেজও হ্যাক হয়েছে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি নিয়ে আলোচনা ও প্রতিক্রিয়ার ধরন নিয়েও ক্ষোভ জানান পরীমনি। তার অভিযোগ, অনেকেই ভিডিওটি ভুয়া বুঝতে পেরে এড়িয়ে গেলেও একাংশের মানুষ বিষয়টিকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। এমনকি অপ্রাসঙ্গিক ধর্মীয় বা সাধারণ পোস্টের মন্তব্যের ঘরেও এ ধরনের ভিডিওর লিংক খোঁজা ও ছড়িয়ে দেওয়ার প্রবণতা তাঁকে হতাশ করেছে।
ভিডিওটি নিয়ে অযথা মাতামাতি করা ব্যক্তিদের উদ্দেশে কটাক্ষ করে পরীমনি বলেন, ‘তোমরা যখন এই ভুয়া ভিডিও নিয়ে এতটা উন্মাদনায় মেতেছিলে, তখন আমার ইচ্ছা হচ্ছিল নিজেই একটা খোলামেলা ফটোশুট করে ফেলি।’
দীর্ঘ সময় ধরে সরাসরি সম্প্রচারে নিজের ক্ষোভ প্রকাশের পর পরীমনি তার ফেসবুক পেজ থেকে ভিডিওটি সরিয়ে নেন। পরে শনিবার (১৭ অক্টোবর) সকালে দেওয়া এক সংক্ষিপ্ত স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ওপস সরি, ডিলেট করে দিয়েছি। শুভ সকাল।’
উল্লেখ্য, পরীমনি সম্প্রতি নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নতুন ওয়েব চলচ্চিত্র ‘সেপারেশন’-এর কাজ শেষ করেছেন। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ।