ইমরান খানের নতুন সিনেমার মুক্তি নিয়ে অনিশ্চয়তা

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ এএম

দেশত্যাগের নোটিশ পাওয়ার পর অভিনেতা ইমরান খানের নতুন সিনেমা ‘আধুরে হাম আধুরে তুম’-এর মুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ১৮ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটি মুক্তির পরিকল্পনা থাকলেও তা পিছিয়ে যেতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম মিড ডে।

প্রতিবেদন অনুযায়ী, ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নেওয়ার পর ইমরান খানকে আটক করা হয়। পরে তাঁকে ছেড়ে দেওয়া হলেও যুক্তরাষ্ট্রের নাগরিক ও ভারতের ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারী এই অভিনেতাকে ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়ে নোটিশ দেওয়া হয়।

এই পরিস্থিতিতে তাঁর অভিনীত নতুন সিনেমাটির প্রচার ও মুক্তির সময়সূচি নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা থাকলেও প্ল্যাটফর্মটি এখনো আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা করেনি।

মিড ডের এক সূত্র জানিয়েছে, দীপাবলির পর সিনেমাটির প্রচার শুরু করে মুক্তির দিন পর্যন্ত তা চালিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে মুক্তি পিছিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। ইমরান খানের পরিস্থিতি কোন দিকে যায়, তা নিশ্চিত না হয়ে প্রচার শুরু করতে চাইছে না সিনেমাটির দল।

১১ বছর বিরতির পর অভিনয়ে ফিরছেন ইমরান খান। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘কাট্টি বাট্টি’ ছিল বড় পর্দায় তাঁর সর্বশেষ সিনেমা। দানিশ আসলাম পরিচালিত ‘আধুরে হাম আধুরে তুম’ সিনেমায় তাঁর সঙ্গে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ভূমি পেডনেকর।

বিক্ষোভে অংশ নেওয়ার পর দেশত্যাগের নোটিশ

গত ১০ অক্টোবর মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে সিজেপির বিক্ষোভে অংশ নেন ইমরান খান। তাঁর সঙ্গে ছিলেন তাঁর সঙ্গী লেখা ওয়াশিংটন ও চাচাতো বোন জায়েন মেরি খান। বিক্ষোভ চলাকালে পুলিশ তাঁদের আটক করলেও পরে একই দিন ছেড়ে দেয়।

এরপর বিজেপি নেতা কিরিট সোমাইয়া পুলিশের কাছে অভিযোগ করেন, বিদেশি নাগরিক হিসেবে ইমরান খানের বিক্ষোভে অংশ নেওয়া তাঁর জন্য প্রযোজ্য নিয়মের লঙ্ঘন। পুলিশ অভিযোগটি ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসে (এফআরআরও) পাঠায়। পরে সংস্থাটি ইমরানকে দেশত্যাগের নোটিশ দেয়।

এফআরআরওর বক্তব্য অনুযায়ী, ওসিআই কার্ড থাকলেও ইমরান খানের বিক্ষোভে অংশ নেওয়ার অনুমতি ছিল না। তবে এই নির্দেশের বিরুদ্ধে আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে অভিনেতার আইনজীবী দল।

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত