আমিরের তৃতীয় বিয়ের পর ফের ভাইরাল পুরোনো মন্তব্য

পারফেক্ট না হওয়া পর্যন্ত সে বিয়ে করেই যাবে:সালমান খান

আমির খানের তৃতীয় বিয়ের পর আবারও ভাইরাল হয়েছে সালমান খানের কয়েক বছর আগের একটি মন্তব্য। আমির প্রসঙ্গে তিনি বলেন, পারফেক্ট না হওয়া পর্যন্ত সে বিয়ে করেই যাবে।

ভারতীয় সংবাদমাধ্যম 'টাইমস অব ইন্ডিয়া'-এর প্রতিবেদন অনুযায়ী, জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’-তে অতিথি হয়ে এসেছিলেন সালমান খান। একপর্যায়ে সঞ্চালক কপিল শর্মা আমির খানের প্রসঙ্গ তুললে নিজের স্বভাবসুলভ রসিকতায় সালমান বলেন, ‘আমির একজন পারফেকশনিস্ট। বিয়ে একদম পারফেক্ট না হওয়া পর্যন্ত সে বিয়ে করেই যাবে।’

সালমানের ওই মন্তব্যে স্টুডিওজুড়ে হাসির রোল পড়ে। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে আমিরের তৃতীয় বিয়ের পর সেই পুরোনো ক্লিপ আবারও নতুন করে ভাইরাল হয়েছে।

নেটিজেনদের অনেকেই বলছেন, মজার ছলে বলা সালমানের সেই মন্তব্য যেন সময়ের সঙ্গে নতুন মাত্রা পেয়েছে।

সম্প্রতি দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছেন আমির খান। মুম্বাইয়ে পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই অভিনন্দনের পাশাপাশি আলোচনায় রয়েছে অভিনেতার ব্যক্তিগত জীবনও।

আমির প্রথম বিয়ে করেছিলেন রীনা দত্তকে। সেই সংসার ভাঙার পর ২০০৫ সালে তিনি বিয়ে করেন নির্মাতা কিরণ রাওকে। ২০২১ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর দীর্ঘদিনের বন্ধু গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। শেষ পর্যন্ত তাকেই জীবনসঙ্গী করেছেন এই অভিনেতা।

অন্যদিকে, ৬০ বছর বয়সেও বলিউডের অন্যতম ‘এলিজিবল ব্যাচেলর’ হিসেবে পরিচিত সালমান খান। ব্যক্তিগত জীবনে একাধিক সম্পর্কের গুঞ্জন থাকলেও তিনি কখনো বিয়ে করেননি। বিয়ে প্রসঙ্গ উঠলেই রসিকতা করতে দেখা যায় তাকে। আর সে কারণেই আমিরকে নিয়ে বলা তার পুরোনো মন্তব্যটি আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠেছে।