মরক্কোর বিদায়ে কেন কাঁদলেন নোরা?

ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মরক্কো ফুটবল দলের প্রতি নিজের সমর্থনের কথা জানিয়ে আসছিলেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। তবে প্রিয় দলের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার মুহূর্তে আবেগ ধরে রাখতে পারেননি তিনি।

ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে কোয়ার্টার-ফাইনাল থেকে মরক্কোর বিদায়ের পর গ্যালারিতে কান্নায় ভেঙে পড়েন নোরা। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চোখের জল মুছছেন তিনি। এ সময় পাশে থাকা এক বন্ধু তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। মরক্কোর লাল জার্সি গায়ে পুরো ম্যাচজুড়ে গ্যালারি থেকে দলকে সমর্থন দিতে দেখা যায় এই অভিনেত্রীকে।

স্টেডিয়ামে পৌঁছাতেও নোরাকে পোহাতে হয়েছে ভোগান্তি। বস্টনের পথে তীব্র যানজটে আটকে পড়লে শেষ পর্যন্ত গাড়ি থেকে নেমে বেশ কিছুটা পথ হেঁটেই স্টেডিয়ামে পৌঁছান। তবুও খেলা শুরুর আগেই গ্যালারিতে নিজের আসনে বসে প্রিয় দলকে সমর্থন জানান তিনি।

এবারের বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে আলোচনায় ছিল মরক্কো। শক্তিশালী প্রতিপক্ষদের হারিয়ে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নেওয়া দলটি শেষ পর্যন্ত ফ্রান্সের বিপক্ষে আর চমক দেখাতে পারেনি। কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের গোলে ২-০ ব্যবধানে হেরে শেষ হয় তাদের বিশ্বকাপ স্বপ্ন।

পরাজয়ের পরও মরক্কো দলের প্রতি নিজের গর্বের কথা প্রকাশ করেন নোরা ফাতেহি। বিশেষ করে অধিনায়ক আশরাফ হাকিমিসহ পুরো দলের লড়াকু মানসিকতার প্রশংসা করেন তিনি।

উল্লেখ্য, গত এক বছর ধরে নোরা ফাতেহি ও মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমির সম্পর্ক নিয়ে বিভিন্ন সময়ে গুঞ্জন শোনা গেলেও এ বিষয়ে এখন পর্যন্ত দুজনের কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।