ফিফা বিশ্বকাপের আর্জেন্টিনা ও স্পেনের বহুল প্রতীক্ষিত ফাইনাল ঘিরে ঢাকায় তৈরি হয়েছে উৎসবের আবহ। মাঠের মহারণ উপভোগ করতে রাজধানীতে আয়োজন করা হয়েছে বিশেষ স্ক্রিনিং ও জমকালো কনসার্টের। ফুটবলপ্রেমীদের উন্মাদনা আরও বাড়িয়ে দিতে থাকছে আন্তর্জাতিক ও দেশীয় শিল্পীদের পারফরম্যান্স।
রোববার (১৯ জুলাই) রাতে রাজধানীর বনানীর পূজা মাঠে অনুষ্ঠিত হবে বিশেষ আয়োজন। সেখানে লাইভ পারফর্ম করবেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক ডিজে ও সংগীত প্রযোজক সঞ্জয় দেব। একই সঙ্গে আরেকটি বিশেষ আয়োজনে দর্শকদের মাতাবেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কানাডায় বলিউড তারকা নোরা ফাতেহির সঙ্গে একই মঞ্চে পারফর্ম করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসেন সঞ্জয় দেব। এরপর বিশ্বকাপ উপলক্ষে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে আয়োজিত ফ্যান ফেস্টেও সংগীত পরিবেশন করেন তিনি।
সেই বিশ্বকাপযাত্রার ধারাবাহিকতায় এবার ঢাকার দর্শকদের সামনে হাজির হচ্ছেন এই আন্তর্জাতিক ডিজে। ইতোমধ্যে তিনি ঢাকায় পৌঁছেছেন এবং অনুষ্ঠানস্থলও পরিদর্শন করেছেন।
বনানীর এই আয়োজনে সঞ্জয় দেবের সঙ্গে মঞ্চে থাকবেন ডিজে তৃষা ও ডিজে রিশাদ। জানা গেছে, ঢাকার অনুষ্ঠান শেষ করেই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে পরবর্তী কনসার্টে অংশ নিতে রওনা দেবেন তিনি।
বিশ্বকাপ ফাইনাল ঘিরে রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারেও থাকছে বিশেষ আয়োজন। ‘ফাইনাল কিকঅফ’ নামের এই অনুষ্ঠানে বড় পর্দায় সরাসরি আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল ম্যাচ উপভোগের পাশাপাশি থাকবে জমকালো কনসার্ট।
এই আয়োজনে প্রধান আকর্ষণ হিসেবে পারফর্ম করবেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান। তাঁর সঙ্গে দর্শকদের সুরের মুগ্ধতায় ভাসাতে মঞ্চে থাকবেন ফিরোজ জং, দ্য ব্রাউন টেস্টামেন্ট ও জেসিয়া ইসলাম।
১৯ জুলাই রাত থেকে শুরু হয়ে ২০ জুলাই সকাল পর্যন্ত চলবে ফুটবল ও সংগীতের এই বিশেষ আয়োজন।
বিশ্বকাপের শেষ লড়াই ঘিরে শুধু স্টেডিয়ামেই নয়, ঢাকার রাজপথ ও কনসার্ট ভেন্যুগুলোতেও এখন বিরাজ করছে উৎসবের আমেজ। মেসি-ইয়ামালদের মহারণের রাতে ফুটবলপ্রেমীদের জন্য এটি হতে যাচ্ছে এক স্মরণীয় রাত।
জামদানি শাড়ি বিতর্কে তানজিন তিশার পাশে জয়
বিশ্বকাপ ফাইনালেও মঞ্চ মাতাবেন শাকিরা
বাংলাদেশি শুভ-নন্দিতার গানে মুগ্ধ সংগীতগুরু এ আর রহমান