বলিউড সুপারস্টার শাহরুখ খান ও গৌরী খানের দাম্পত্য জীবনের শুরুর স্মৃতিবিজড়িত দিল্লির সেই বাড়িটি এবার পুরোপুরি নিজের করে নিয়েছেন ‘কিং খান’।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস ও মানিকন্ট্রোল এর প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ দিল্লির অভিজাত পঞ্চশীল পার্কে অবস্থিত ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলা প্রায় ৩৭ কোটি রুপিতে কিনেছেন শাহরুখ। এর আগে ভবনের বেজমেন্ট ও প্রথম তলার মালিক ছিলেন তিনি। সর্বশেষ এই ক্রয়ের মাধ্যমে পুরো ভবনের মালিকানা এখন তার হাতে এসেছে।
প্রায় ১ হাজার ২০০ বর্গমিটার জমির ওপর নির্মিত বাড়িটি দক্ষিণ দিল্লির অন্যতম অভিজাত আবাসিক এলাকায় অবস্থিত। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওই এলাকায় প্রতি বর্গফুট জমির আনুমানিক মূল্য প্রায় ৩৪ হাজার ২৬০ রুপি।
তবে এই বাড়ির গুরুত্ব শুধু আর্থিক দিক থেকেই নয়, শাহরুখ ও গৌরীর ব্যক্তিগত জীবনের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ১৯৯১ সালে বিয়ের পর এই বাড়িতেই নতুন সংসার শুরু করেছিলেন তারা। সে সময় শাহরুখ বলিউডে প্রতিষ্ঠিত ছিলেন না, এমনকি মুম্বাইয়েও স্থায়ীভাবে বসবাস শুরু করেননি।
পরবর্তীতে অভিনয়ের স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে পাড়ি জমান শাহরুখ। সেখান থেকেই শুরু হয় তার তারকাখ্যাতির যাত্রা, যা তাকে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেতায় পরিণত করেছে। তবুও দিল্লির এই বাড়িটি আজও তাদের জীবনের শুরুর দিনগুলোর অমূল্য স্মৃতি বহন করে।
গৌরী খানও বিভিন্ন সময় এই বাড়ির প্রতি নিজের আবেগের কথা জানিয়েছেন। তার ভাষ্য, পরিবারের সদস্যদের কাছাকাছি থাকার পাশাপাশি অসংখ্য স্মৃতি জড়িয়ে থাকায় বাড়িটি তাদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে।
এক সাক্ষাৎকারে গৌরী জানান, বাড়ির একটি দেয়ালজুড়ে রয়েছে একটি ‘নস্টালজিয়া ওয়াল’। সেখানে সংরক্ষিত আছে ছেলে আরিয়ান খান, মেয়ে সুহানা খান ও ছোট ছেলে আব্রাম খানের শৈশবের নানা স্মারক, শাহরুখের আঁকা ছবি, পুরোনো পোস্টকার্ড, পরিবারের সংগ্রহে থাকা বিশেষ স্মৃতিচিহ্ন এবং প্রিয় উপহার।