শুটিংয়ে পিছলে পড়ে আহত অমিতাভ বচ্চন

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পিএম

শুটিং চলাকালে পিছলে পড়ে বাঁ হাঁটুতে চোট পেয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। এ কারণে ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর সাম্প্রতিক একটি পর্বে তাকে অন্য দিনের তুলনায় কিছুটা ভিন্নভাবে সঞ্চালনা করতে দেখা গেছে।

সাধারণত অনুষ্ঠানের প্রতিটি পর্বের শুরুতেই মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে নিজের আইকনিক সংলাপে দর্শকদের মাতিয়ে তোলেন অমিতাভ। তবে এবার সেই ধারায় পরিবর্তন এনে শুরুতেই সঞ্চালনার চেয়ারে বসে পর্বটির সূচনা করেন ৮৩ বছর বয়সী এই তারকা। মঞ্চে এসেই দ্রুত নির্ধারিত আসনে বসে পড়েন তিনি। তাকে এভাবে বসতে দেখে উপস্থিত দর্শকদের মধ্যে জল্পনা ও উদ্বেগ তৈরি হয়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দর্শকদের বিষয়টি স্পষ্ট করতে নিজের হাঁটুর দিকে ইঙ্গিত করে অমিতাভ জানান, আগের দিন শুটিং চলাকালে হঠাৎ পিছলে পড়ে যান তিনি। এতে তার বাঁ হাঁটুতে চোট লাগে।

চোটের কারণে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে কষ্ট হওয়ায় বাধ্য হয়েই বসে থেকে পর্বের মনোলগ শুরু করতে হয়েছে বলে জানান তিনি। তবে ভক্তদের ভয় না পাওয়ার পরামর্শ দিয়ে দ্রুত আশ্বস্তও করেন বিগ বি। তিনি জানান, আঘাত নিয়ে দুশ্চিন্তার কিছু নেই এবং চোট অতটা গুরুতর নয়।

প্রতিযোগীদের অভ্যর্থনা জানানোর সময় যথারীতি দাঁড়িয়েই তাদের বরণ করে নেবেন বলেও জানান অমিতাভ। তার এমন পেশাদারত্ব দেখে সেটে উপস্থিত সবাই করতালি দিয়ে অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেন।

এএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত