বলিউড তারকা সালমান খানের বান্দ্রার বাসভবন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টসের বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ কনস্টেবলের আকস্মিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় কর্তব্যরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
মৃত পুলিশ সদস্যের নাম গণেশ রায়তে। তার বয়স ৪১ বছর। তিনি মুম্বাই পুলিশের এলএ-৪ ইউনিটে কর্মরত ছিলেন। পুলিশ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টসের বাইরে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন তিনি।
কর্তব্যরত অবস্থায় হঠাৎ অসুস্থ বোধ করলে গণেশ বিষয়টি তার সহকর্মীদের জানান। পরে সহকর্মীরা দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে গণেশের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
মুম্বাই পুলিশের এই সদস্য চাকরিতে যোগ দেওয়ার আগে ভারতীয় সেনাবাহিনীতেও কর্মরত ছিলেন। উচ্চনিরাপত্তার একটি স্থানে দায়িত্ব পালনরত অবস্থায় তার আকস্মিক মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সালমান খানকে একাধিকবার হামলার হুমকি দেওয়ার পর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টসের নিরাপত্তা জোরদার করা হয়েছে। গণেশ রায়তের মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শুরু করেছে মুম্বাই পুলিশ।