বোমা হামলার হুমকি উপেক্ষা করে ভক্তদের সামনে অমিতাভ

চিকিৎসকের পরামর্শে বিশ্রামে থাকলেও দীর্ঘদিনের রীতি ভাঙেননি বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন। রোববারও (২৫ অক্টোবর) মুম্বাইয়ের জুহুতে নিজের বাসভবন জলসার বাইরে ভক্তদের সঙ্গে দেখা করেন ৮৪ বছর বয়সী এই অভিনেতা। তবে এবার পরিস্থিতি ছিল কিছুটা ভিন্ন।

সম্প্রতি তাকে লক্ষ্য করে বোমা হামলার হুমকিসংবলিত ই-মেইল পাওয়ার পর বাড়ির বাইরে জোরদার করা হয় নিরাপত্তা, মোতায়েন করা হয় পুলিশ। 

জানা গেছে, মুম্বাইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্স এলাকার একটি স্কুলে সেই হুমকির ই-মেইলটি পাঠানো হয়েছিল।

ভক্তদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান অমিতাভ; এ সময় তার পাশে ছিলেন ছেলে অভিষেক বচ্চন।

প্রিয় তারকাকে একনজর দেখতে পুলিশের ব্যারিকেডের পেছনে দাড়িয়ে অপেক্ষা করেন ভক্তরা। পুরো সময়, অভিষেক বাবার কাছাকাছি ছিলেন। এসময় বাড়ির চারপাশে কড়া নিরাপত্তা বজায় রাখে পুলিশ।

এদিকে, সম্প্রতি নিজের শারীরিক অবস্থা নিয়েও ভক্তদের খবর দিয়েছেন এই অভিনেতা। গত শুক্রবার নিজের টাম্বলার ব্লগে এক পোস্টে তিনি জানান, পুরোপুরি সুস্থ হয়ে উঠতে তার আরও বিশ্রামের প্রয়োজন।

ব্লগে অমিতাভ লেখেন, 'আরও বিশ্রামের প্রয়োজন।'

ব্লগ ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিয়মিত ভক্তদের সঙ্গে নিজের ভাবনা ও খবরাখবর ভাগ করে নেন অমিতাভ। এর আগে তিনি জানিয়েছিলেন, চিকিৎসকেরা তাকে নিয়মিত অনলাইন কার্যক্রম থেকে কিছুটা বিরতি নেওয়ার পরামর্শ দিয়েছেন।