সর্বকালের সেরা ১০০ চলচ্চিত্র তারকার তালিকায় ৯২তম শাহরুখ, সেরা দশ কারা

বিশ্ব চলচ্চিত্রের খ্যাতিমান অভিনয়শিল্পীদের সঙ্গে জায়গা করে নিয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। যুক্তরাষ্ট্রভিত্তিক বিনোদনবিষয়ক সাময়িকী ‘ভ্যারাইটি’র প্রকাশিত সর্বকালের সেরা ১০০ চলচ্চিত্র তারকার তালিকায় স্থান পেয়েছেন তিনি।

তালিকায় শাহরুখ খানের অবস্থান ৯২তম। এতে জায়গা পাওয়া একমাত্র ভারতীয় অভিনেতাও তিনি। এ তালিকায় জোয়াকিন ফিনিক্স, জেনডায়া, এমা স্টোন, এডি মারফি ও সিলভেস্টার স্ট্যালোনের মতো হলিউড তারকাদেরও পেছনে ফেলেছেন তিনি।

শাহরুখকে প্রতিনিধিত্ব করছে ‘দেবদাস’

শাহরুখ খানের নামের সঙ্গে ভ্যারাইটি যুক্ত করেছে সঞ্জয় লীলা বানসালির পরিচালিত ২০০২ সালের চলচ্চিত্র ‘দেবদাস’। ছবিটিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন মাধুরী দীক্ষিত, ঐশ্বরিয়া রাই, জ্যাকি শ্রফ ও কিরণ খের।

শাহরুখের অভিনয়শৈলীর প্রশংসা করে সাময়িকীটি তাঁর প্রদর্শনমূলক অভিনয়ের সহজাত দক্ষতা এবং নিজের অভিনয় সম্পর্কে সচেতন কৌতুকবোধের কথা উল্লেখ করেছে। পাশাপাশি তাঁর দীর্ঘ ক্যারিয়ারে তারকাখ্যাতির বিভিন্ন পর্যায় অতিক্রম করার বিষয়টিও তুলে ধরেছে।

১৯৯৩ সালে ‘বাজিগর’ ও ‘ডর’ চলচ্চিত্রে নেতিবাচক চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রজগতে পরিচিতি পান শাহরুখ। পরবর্তী সময়ে হিন্দি সিনেমার অন্যতম জনপ্রিয় রোমান্টিক নায়ক হয়ে ওঠেন তিনি। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ তাঁর ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ মোড় তৈরি করে।

এরপর কমেডি ও চরিত্রনির্ভর নানা ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ। পরে ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর মতো অ্যাকশনধর্মী চলচ্চিত্র দিয়ে আবারও বড় পর্দায় আলোচনায় আসেন তিনি।

চার দশকের বেশি সময়ের ক্যারিয়ারে ৯০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা। তাঁর অভিনীত ছবিতে বিভিন্ন ধরনের চরিত্র ও চলচ্চিত্রের ধারা উঠে এসেছে, যা একাধিক প্রজন্মের দর্শকের কাছে তাঁকে জনপ্রিয় করে তুলেছে।

ভ্যারাইটির সেরা ১০-এ কারা আছেন

ভ্যারাইটির তালিকার শীর্ষে রয়েছেন মেরিলিন মনরো। দ্বিতীয় স্থানে হামফ্রে বোগার্ট এবং তৃতীয় স্থানে চার্লি চ্যাপলিন।

চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে জ্যাক নিকলসন ও ক্যাথরিন হেপবার্ন। ষষ্ঠ স্থানে সিডনি পোয়াটিয়ে এবং সপ্তম স্থানে মারলন ব্র্যান্ডো।

অষ্টম স্থানে টম ক্রুজ, নবম স্থানে জাপানি অভিনেতা তোশিরো মিফুনে এবং দশম স্থানে বারব্রা স্ট্রেইস্যান্ড রয়েছেন।

ভ্যারাইটি জানিয়েছে, তালিকা তৈরির ক্ষেত্রে অভিনয়শিল্পীদের শিল্পসত্তা ও জনপ্রিয়তা, তাঁদের সময়কালীন প্রভাব এবং বর্তমান প্রাসঙ্গিকতা বিবেচনায় নেওয়া হয়েছে। শুধু অভিনয়দক্ষতাকে একমাত্র মাপকাঠি হিসেবে ধরা হয়নি।

আসছে শাহরুখের ‘কিং’

এদিকে নতুন চলচ্চিত্র ‘কিং’ নিয়ে প্রস্তুতি নিচ্ছেন শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী ছবিটি ২০২৬ সালের ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর আগে ‘পাঠান’ ছবিতে শাহরুখকে পরিচালনা করেছিলেন সিদ্ধার্থ।

ছবিটিতে শাহরুখের সঙ্গে অভিনয় করছেন সুহানা খান, অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, রানী মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসি, রাঘব জুয়াল ও অভয় ভার্মা।

নতুন চলচ্চিত্র মুক্তির প্রস্তুতির মধ্যেই ভ্যারাইটির এই স্বীকৃতি শাহরুখ খানের দীর্ঘ অভিনয়জীবনে যোগ করল আরেকটি উল্লেখযোগ্য অর্জন।