নিজের বাড়িতেই কেন শাহরুখ খানের কোনো স্বাধীনতা নেই?

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ এএম

বলিউডের বাদশা শাহরুখ খান মানেই রূপকথার জীবন। কিন্তু নিজের ঘরেই নাকি তিনি একদম স্বাধীন নন।

দুবাইয়ে এক অনুষ্ঠানে হাজির হয়ে এমনই মজার তথ্য ফাঁস করলেন অভিনেতা। সঞ্চালক করণ জোহরের সঙ্গে আড্ডায় তিনি নিজের সংসার জীবন নিয়ে খোলামেলা কথা বলেন।

দুবাইয়ে ‘শাহরুখজ বাই ডানিউব’ নামের একটি নতুন আবাসন প্রকল্পের উদ্বোধনীতে গিয়েছিলেন তিনি। এই প্রজেক্টের বিলাসবহুল পেন্টহাউজটি ডিজাইন করেছেন তার স্ত্রী গৌরী খান।

অনুষ্ঠানের মঞ্চে করণ জোহর জানতে চান, নিজ বাড়িতে এমন কোনো কাজ আছে কি যা করার অনুমতি তিনি পান না?

উত্তরে হাসতে হাসতে শাহরুখ জানান, বাড়ির ভেতরে তার নিজের কোনো মতামত বা সিদ্ধান্ত জানানোর অধিকারই নেই।

তিনি আরও যোগ করেন, ঘরের আসবাব থেকে শুরু করে রং কিংবা লাইটিং—সবকিছুতেই গৌরীর পছন্দ চূড়ান্ত।

এমনকি ওয়াই-ফাই কাজ না করলেও নাকি মুখ বন্ধ রাখতে হয় বলিউড সুপারস্টারের। বিছানায় বসে খাবার খাওয়ার মতো সাধারণ স্বাধীনতাও তার নেই।

বাইরে শাহরুখ ও তার সন্তানরা স্বাধীনভাবে চললেও ঘরের ভেতরে ঢুকলই নাকি সব ক্ষমতা চলে যায় গৌরীর হাতে।

মজার ছলে অভিনেতা জানান, তাদের একটাই কাজ—চুপচাপ বসে থেকে বলা, ‘গৌরী, কী সুন্দর বাড়ি বানিয়েছ!’

সূত্র: আনন্দবাজার পত্রিকা 

এইচএন
আরও পড়ুন