দীর্ঘ দেড় দশকের আইনি লড়াই শেষে বিশ্বখ্যাত পপ তারকা কেটি পেরিকে (Katy Perry) হারিয়ে বড় জয় পেলেন অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক ফ্যাশন ডিজাইনার কেটি পেরি (বর্তমানে কেটি টেলর)। অস্ট্রেলিয়ার সর্বোচ্চ আদালত এক রায়ে জানিয়েছে, ডিজাইনার কেটি টেলর নিজের নামে পোশাক বিক্রির পূর্ণ অধিকার রাখেন এবং এতে কোনো ট্রেডমার্ক আইন লঙ্ঘিত হয়নি।
ঘটনার সূত্রপাত ২০০৯ সালে। সিডনির ডিজাইনার কেটি পেরি যখন নিজের নামে একটি ফ্যাশন ব্র্যান্ড চালু করেন, ঠিক তখনই মার্কিন পপ তারকা কেটি পেরি 'I Kissed a Girl' গান দিয়ে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পাচ্ছেন। পপ তারকার আইনজীবীরা ডিজাইনারকে একটি চিঠি পাঠিয়ে দাবি করেন, তিনি যেন ‘কেটি পেরি’ নামটি ব্যবহার বন্ধ করেন এবং বাজার থেকে সব পোশাক তুলে নেন।
ডিজাইনর কেটি টেলর জানান, চিঠিটি পেয়ে তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন। কিন্তু তিনি দমে যাননি। ২০০৯ সাল থেকে শুরু হওয়া এই আইনি যুদ্ধ অস্ট্রেলিয়ার বিভিন্ন আদালত ঘুরে অবশেষে হাই কোর্টে পৌঁছায়। এর আগে ফেডারেল কোর্টে ডিজাইনার জয়ী হলেও আপিল বিভাগ সেই রায় বাতিল করেছিল। তবে বুধবার অস্ট্রেলিয়ার হাই কোর্ট আপিলের রায়টি নাকচ করে দিয়ে ডিজাইনারের পক্ষেই চূড়ান্ত রায় দেয়।
রায়ের পর উচ্ছ্বসিত ডিজাইনার কেটি টেলর বলেন, ‘এটি কেবল আমার জয় নয়, এটি সব ক্ষুদ্র ব্যবসায়ীর জয়। অনেকেই আমাকে হাল ছেড়ে দিতে বলেছিলেন, কিন্তু আমি আমার আদর্শে অটল ছিলাম। এখন আমি শান্তিতে আমার ব্যবসায় মন দিতে পারব।’
অন্যদিকে, পপ তারকা কেটি পেরির প্রতিনিধিরা জানিয়েছেন, গায়িকা কখনো ডিজাইনারের ব্যবসা বন্ধ করতে চাননি, কেবল ট্রেডমার্ক নিয়ে তাদের আইনি অবস্থান ব্যাখ্যা করেছিলেন। তবে আদালতের রায়ে এখন সিডনির এই ‘আন্ডারডগ’ ব্যবসায়ীর জয়ই নিশ্চিত হলো।