অস্কারের মঞ্চে সাধারণত বায়োপিক বা মহাকাব্যিক ড্রামা সিনেমার দাপট দেখা যায়। কিন্তু গত কয়েক বছরে একাডেমি অ্যাওয়ার্ডসে একটি ধ্রুপদী ঘরানা নতুন করে নিজের জায়গা করে নিয়েছে—তা হলো ‘হরর’ বা ভৌতিক সিনেমা। আগে কেবল মেকআপ বা স্পেশাল ইফেক্টের মতো কারিগরি বিভাগে আটকে থাকলেও, এবার অভিনয়ের প্রধান বিভাগগুলোতে হরর ঘরানার জয়জয়কার দেখা গেছে।
এবারের অস্কারে হরর ঘরানার সিনেমা থেকে ৫ জন অভিনয়শিল্পী মনোনয়ন পেয়ে ইতিহাস গড়েছেন। এর আগে ১৯৭৪ সালে ‘দ্য এক্সরসিস্ট’ সিনেমাটি সর্বোচ্চ ৩টি মনোনয়ন পেয়েছিল। দীর্ঘ ৫২ বছর পর সেই রেকর্ড ভেঙে ২০২৬ সালের অস্কারে হরর ঘরানা থেকে ৫ জন মনোনয়ন পাওয়ার নতুন রেকর্ড গড়লেন।
এ বছর ‘ফ্রাঙ্কেনস্টাইন’ সিনেমায় অভিনয়ের জন্য জ্যাকব এলর্ডি, ‘উইপনস’ সিনেমার জন্য অ্যামি ম্যাডিগান এবং ‘সিনার্স’ সিনেমার জন্য মাইকেল বি জর্ডান, ওউনমি মোসাকু ও ডেলরয় লিন্ডো মনোনয়ন পান। এর মধ্যে অ্যামি ম্যাডিগান এবং মাইকেল বি জর্ডান সেরা অভিনয়ের পুরস্কার জিতে ইতিহাস সৃষ্টি করেছেন।
২০১৮ সালে ড্যানিয়েল কালুয়া ‘গেট আউট’ সিনেমার জন্য মনোনয়ন পাওয়ার পর থেকেই এই পরিবর্তনের শুরু। গত বছর ‘দ্য সাবস্ট্যান্স’ সিনেমার জন্য ডেমি মুর সেরা অভিনেত্রীর দৌড়ে ছিলেন। চলচ্চিত্র বিশ্লেষকরা বলছেন, একাডেমি এখন কেবল আবেগঘন গল্পের পাশাপাশি মানুষের মনে ত্রাস সৃষ্টি করা দক্ষ অভিনয়কেও সমান গুরুত্ব দিতে শুরু করেছে।
সিনেমা বোদ্ধাদের মতে, হরর সিনেমার প্রতি একাডেমির এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন হলিউডে নতুন ধরণের সৃজনশীল কাজের দুয়ার খুলে দেবে।