বদলে যাচ্ছে অস্কারের ঠিকানা

দীর্ঘ ২৭ বছরের ঐতিহ্যের ইতি টেনে অবশেষে পাল্টে যাচ্ছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘অস্কার’-এর ভেন্যু। ২০২৯ সাল থেকে হলিউডের চিরচেনা ডলবি থিয়েটার থেকে সরে গিয়ে লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনস্থ ‘এল.এ. লাইভ’ (L.A. Live) কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে এই জমকালো আয়োজন। একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের এই আকস্মিক সিদ্ধান্তে বিনোদন জগতে বইছে আলোচনা ও সমালোচনার ঝড়।

অস্কারের বর্তমান ভেন্যু ডলবি থিয়েটারে আসন সংখ্যা মাত্র ৩,৩০০। এতে মনোনীত তারকা, তাদের পরিবার, উপস্থাপক এবং বিশ্ব গণমাধ্যমের ভিড়ে সাধারণ একাডেমি সদস্যদের জন্য জায়গা পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ত। লটারিতে নাম না উঠলে অনেক প্রভাবশালী সদস্যও অনুষ্ঠানে যোগ দিতে পারতেন না। অন্যদিকে, নতুন নির্ধারিত ভেন্যু ‘পিকক থিয়েটার’-এ ৭,১০০-এর বেশি আসন রয়েছে। একাডেমি আশা করছে, ভেন্যু পরিবর্তনের ফলে আরও বেশি সংখ্যক সদস্য সরাসরি এই আয়োজনে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

১৯৮৬ সাল থেকে একাডেমির সদস্য হিসেবে যুক্ত থাকা প্রবীণ সদস্য ব্রুস ফেল্ডম্যান এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন। তার মতে, ‘পরিবর্তন সবসময় খারাপ নয়। ডলবি থিয়েটারে জায়গার অভাব ছিল প্রকট। নতুন ভেন্যুর বাড়তি আসনগুলো সাধারণ সদস্যদের জন্য বরাদ্দ দেওয়া হলে তা ইতিবাচক হবে।’

তবে ভেন্যু স্থানান্তরের পদ্ধতি নিয়ে একাডেমি কর্তৃপক্ষের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন ব্রুস ফেল্ডম্যান। তিনি অভিযোগ করেন যে, একাডেমি বড় বড় সিদ্ধান্ত নেওয়ার সময় সদস্যদের বিশেষজ্ঞ মতামত ও অভিজ্ঞতাকে তুচ্ছ মনে করে। ফেল্ডম্যান আক্ষেপ করে বলেন, ‘গত ৪০ বছরে অস্কারের অনেক বড় বড় সিদ্ধান্ত (যেমন- সেরা চলচ্চিত্রের সংখ্যা বাড়ানো বা লাইভ টেলিকাস্ট থেকে কিছু বিভাগ বাদ দেওয়া) সাধারণ সদস্যদের সাথে কোনো পরামর্শ ছাড়াই নেওয়া হয়েছে। কর্তৃপক্ষের এমন একপাক্ষিক আচরণ অত্যন্ত দুঃখজনক।’

যদিও সদস্যদের সাথে পরামর্শ না করার বিষয়টি নিয়ে বিতর্ক রয়েছে, তবু অস্কারের মতো বৈশ্বিক মহোৎসবের নতুন দিগন্ত শুরু হতে যাচ্ছে ২০২৯ সাল থেকে। ডলবি থিয়েটারের জৌলুস নতুন ভেন্যু ‘পিকক থিয়েটারে’ কতটা ফুটে ওঠে, এখন সেটাই দেখার বিষয়।