কনসার্টে ট্রাম্পকে ট্রোল করলেন বিটলস কিংবদন্তি ম্যাকার্টনি

যখন লাখ লাখ আমেরিকান রাজপথে নেমে স্বৈরাচারের বিরুদ্ধে সোচ্চার, ঠিক তখন হলিউডের এক নিভৃত সন্ধ্যায় সবাই জড়ো হয়েছিলেন বিটলস কিংবদন্তি 'স্যার' পল ম্যাকার্টনির আহ্বানে। গত শনিবার রাতে লস অ্যাঞ্জেলসের ঐতিহাসিক ফন্ডা থিয়েটারে ম্যাকার্টনির দুই রাতের কনসার্ট সিরিজের দ্বিতীয় শো-টি ছিল তারকায় ঠাসা।

এই বিশেষ সন্ধ্যায় দর্শকদের সারিতে ছিলেন টেলর সুইফট, স্টিভি নিকস, মার্গো রবি, বিলি আইলিশ এবং রিঙ্গো স্টারের মতো বিশ্বখ্যাত সব তারকা। এছাড়া স্টিভ ক্যারেল, লরা ডার্ন এবং ডাকোটা জনসনের মতো জনপ্রিয় অভিনয়শিল্পীদেরও গান গেয়ে উঠতে দেখা গেছে।

বিটলস এবং উইংস ব্যান্ডের একের পর এক কালজয়ী গান দিয়ে সাজানো এই অনুষ্ঠানে ম্যাকার্টনি সরাসরি রাজনীতি এড়িয়ে চললেও, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাচের ভঙ্গি নিয়ে একটি ছোট রসিকতা করেন, যা উপস্থিত দর্শকদের মাঝে হাসির খোরাক জোগায়। উল্লেখ্য, একই দিনে আমেরিকার বিভিন্ন শহরে ট্রাম্পের নীতির বিরুদ্ধে 'নো কিংস' র‍্যালি অনুষ্ঠিত হলেও, অনেক ভক্ত প্রিয় শিল্পীর গানে মানসিক শান্তি খুঁজতেই এই কনসার্টে যোগ দেন। মাত্র ১২০০ দর্শক ধারণক্ষমতার এই থিয়েটারে ভাগ্যবান টিকেটপ্রাপ্তদের জন্য এটি ছিল এক জাদুকরী অভিজ্ঞতা।

ম্যাকার্টনি পরিবেশন করেন: "বিটলস ক্লাসিক: হেল্প!", "সামথিং", "ব্ল্যাকবার্ড", "আই'ভ জাস্ট সিন আ ফেস"। এছাড়াও উইংস ব্যান্ডের জনপ্রিয় গান ব্যান্ড অন দ্য রান, লেট মি রোল ইট। সবশেষে "হে জুড" এবং "লেট ইট বি" গাওয়ার সময় অনেক দর্শককেই অশ্রুসিক্ত চোখে গাইতে দেখা যায়।

৮৩ বছর বয়সী এই সংগীত মহাতারকা গত সপ্তাহেই তার ১৯তম একক স্টুডিও অ্যালবাম "দ্য বয়েজ অফ ডাঞ্জিওন লেন"-এর ঘোষণা দিয়েছেন। অ্যালবামটি আগামী ২৯ মে মুক্তি পাওয়ার কথা রয়েছে।